পালাবদলের হাওয়া বড়মার মন্দিরেও, ‘সেলিব্রিটিদের আলাদা গুরুত্ব নয়’, জানালেন নতুন বিধায়ক
প্রতিদিন | ১১ মে ২০২৬
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার রদবদলের ছোঁয়া নৈহাটির জাগ্রত বড়মার মন্দিরেও। দীর্ঘদিনের পুরনো কমিটি সরিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ১৪ মে নৈহাটি বড় কালীপূজা সমিতি ট্রাস্টের বৈঠকেই সেই সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে বলে সূত্রের খবর। মন্দির পরিচালনায় একাধিক নতুন মুখকে আনার প্রস্তুতিও শুরু হয়েছে।
রাজনৈতিক পরিবর্তনের পর মন্দির পরিচালনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার বার্তাও উঠে আসছে বলে মনে করছে স্থানীয় মহলের একাংশ। এই আবহেই স্পষ্ট বার্তা দিয়েছেন নৈহাটির ভাবী বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “বড়মা মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে, কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করবে। সেইমতো তাঁরা মিটিং ডেকেছে। এখানে কেউ কোনও প্রায়োরিটি পাবে না। সেলিব্রিটি হোক বা যে-ই হোক, কেউ আলাদা গুরুত্ব পাবে না।” রাজনৈতিক মহলের মতে, মন্দির পরিচালনায় ‘সবার জন্য সমান সুযোগ’ দেওয়ার বার্তাই দিতে চেয়েছেন বিধায়ক। নৈহাটির বড়মা শুধু একটি মন্দির নয়, শহরের আবেগের অন্য নাম।
একশো বছরেরও বেশি পুরনো এই জাগ্রত বড়মাকে ঘিরে রয়েছে অগণিত মানুষের বিশ্বাস ও ভক্তি। দীপান্বিতা কালীপুজোর সময় গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। তবে এখন আর শুধু উৎসব নয়, বছরের প্রায় প্রতিদিনই বড়মার দর্শনে উপচে পড়ছে ভিড়। উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদিয়া, হুগলি, কলকাতা-সহ একাধিক জেলা থেকেও প্রতিদিন ভক্তরা আসেন নৈহাটিতে।
ক্রমশ বাড়তে থাকা সেই ভিড় সামলাতেই এবার নতুন ভাবনার ইঙ্গিত মিলেছে। দর্শনার্থীদের সুবিধা এবং পুজোর ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে আলাদা লাইনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিধায়ক। তাঁর কথায়, “এখন পুজো আর দর্শনের জন্য একই লাইন হয়। যাঁরা শুধু দর্শন করবেন, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা এবং যাঁরা পুজো দেবেন, তাঁদের জন্য আলাদা লাইন করার চিন্তাভাবনা চলছে।” ১৪ মের বৈঠকের দিকেই এখন নজর নৈহাটির। পালাবদলের আবহে বড়মার মন্দিরের নতুন কমিটি গঠনের পর পরিচালনায় আরও শৃঙ্খলা, গতি এবং নতুন কর্মপদ্ধতির ইঙ্গিত মিলবে বলেই মনে করছে স্থানীয় মহল।
উল্লেখ্য, গত কয়েকবছরে বড়মার মন্দিরে সেলিব্রিটিদের আলাদা গুরুত্ব দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। মানুষের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও এতদিন অগ্রাধিকার পেতেন সেলিব্রিটিরা। কিন্তু এবার থেকে আর তা হবে না বলে জানালেন জয়ী বিজেপি প্রার্থী।