• ‘সামর্থ্য নেই’, অপরিচিত মহিলার হাতে দু’দিনের পুত্রকে সঁপে হাঁটা দিল ‘মা’
    প্রতিদিন | ১১ মে ২০২৬
  • ‘দিদি, আমার বাচ্চাটা একটু ধরবে?’
    শিশুটিকে সস্নেহে কোলে নেন মহিলা। মুহূর্তের মধ্যে নিজের পুত্রসন্তানকে অপরিচিত মহিলার হাতে সঁপে হাঁটা দিল ‘মা’। যেতে যেতে চিৎকার করে জানিয়েও দিল, মা হয়েও বাচ্চাকে রাখার মতো অবস্থা তার নেই। তাই ওই মহিলাকেই দিয়ে গেল সে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ঘটনায় হতভম্ব ওই মহিলা। শেষ পর্যন্ত কড়েয়া থানার পুলিশ দু’দিন বয়সের শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই তার চিকিৎসা চলছে।

    পুলিশের মতে, ওই মহিলা খুব সাধারণ পরিবারের হলেও আসল মায়ের কাজই করেছেন। শিশুটিকে নিজের কোল থেকে নামাননি। তাই মাতৃদিবসে এরকম মায়ের সন্ধান পেয়ে খুশি পুলিশ। একই সঙ্গে নিজের শিশুকে এভাবে ‘ফেলে’ চলে যাওয়া অজ্ঞাতপরিচয় সেই ‘মা’-এর বিরুদ্ধে পুলিশ পূর্ব কলকাতার বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে। পার্ক সার্কাস অঞ্চলের সিসিটিভির ফুটেজের মাধ‌্যমে পুলিশ ওই যুবতীকে শনাক্তকরণের চেষ্টা করছে।

    পুলিশ জানিয়েছে, ওই মহিলার বাড়ি তিলজলা রোডে। প্রত্যেকদিন সকালেই তিনি বাড়ি থেকে হেঁটে চার নম্বর পোলের কাছে আসেন। সেখান থেকে সোজা লেডিস পার্কের ভিতর দিয়ে হেঁটে নিজের কাজের জায়গায় পৌঁছন। লেডিস পার্ক দিয়ে হাঁটার সময়ই তাঁর পথ আগলে দাঁড়ায় সেই যুবতী। তার কোলে পুঁটলির মতো কিছু একটা। মহিলা ভাল করে তাকিয়ে দেখেন প্রায় সদ্যোজাত এক শিশু। যুবতী মহিলাকে বলে, ‘‘দিদি আমার বাচ্চাটাকে একটু ধরবে?’’ মহিলার মনে হয়, যুবতী কোনও সমস‌্যায় পড়েছে। তাই শিশুটিকে স্নেহের সঙ্গে নিজের কোলে নিয়ে নেন মহিলা। কিন্তু পরমুহূর্তেই পিছন ফিরে হাঁটতে থাকে সেই যুবতী। মহিলা তার পিছু যেতে গেলেই সে চিৎকার করে জানায়, শিশুটি তারই ছেলে। কিন্তু তাকে মানুষ করার ক্ষমতা তার নেই। তাই তিনিই যেন তার ছেলের দায়িত্ব নেন। বলেই হনহন করে হেঁটে পার্ক থেকে বেরিয়ে বাইরে চলে যায় ওই মহিলা। শিশুটিকে কোলে নিয়ে হতভম্ব হয়ে যান মহিলা। তিনি পার্কের বাইরে বেরিয়ে কোলে বাচ্চা নিয়েই শিশুটির ‘আসল মা’-এর খোঁজ শুরু করেন। তিনি তাঁর স্বামী ও ছেলেকেও বিষয়টি জানালে তাঁরা সেখানে পৌঁছে যান।

    লোকজনও জড়ো হয়ে যায়। খবর যায় পুলিশের কাছেও। কড়েয়া থানার মহিলা কর্মীরা সেখানে হাজির হন। স্বস্তির সঙ্গে এক মহিলা পুলিশকর্মীর হাতে তুলে দেন। পুলিশ সঙ্গে সঙ্গেই কলকাতা ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে শিশুটিকে ভর্তি করে। সেখানেই শিশু বিভাগের এসএনসিইউ ওয়ার্ডে দু’দিন বয়সী শিশুটির চিকিৎসা শুরু হয়।

    যদিও ওই মহিলার বক্তব‌্য যাচাই করার জন‌্য পুলিশ তাঁকে লেডিস পার্কে নিয়ে যায়। ওই পার্ক ও তার আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে, তিনি সত্যি বলছেন। যেহেতু পার্কটি বেনিয়াপুকুর থানা এলাকায়, তাই কড়েয়া থানায় জিরো এফআইআর করার পর বেনিয়াপুকুর থানার পুলিশই তদন্ত শুরু করেছে। সিসিটিভির ফুটেজে ওই যুবতীকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। যুবতী আদৌ বিবাহিত কি না তা নিয়ে পুলিশ সন্দিহান। তবে শিশুটির জন্ম দেওয়ার পর দু’দিন ছেলেকে নিজের কাছ রেখেছিল ‘মা’। কিন্তু তার পরই অপরিচিত মহিলার কাছে সঁপে দিয়ে পালিয়ে যায় সে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)