রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন শুরু হলো সোমবার থেকে। এ দিন নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর, দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর। অগ্নিমিত্রা পল পেলেন নারী ও শিশু কল্যাণ, সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তর। আদিবাসী বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু, খাদ্যদপ্তর অশোক কীর্তনিয়ার হাতে। নিশীথ প্রামাণিকের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন ও যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তর। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও এ দিন নবান্নের বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন, দপ্তর বণ্টন শুরু হয়েছে এ দিন থেকে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘আজকের বৈঠকে দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। পাঁচ জনকে দপ্তর দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, তৃণমূল যে দুর্নীতিগুলি করেছে, সব বন্ধ করতে হবে। এক মাসের মধ্যে সব বিধায়কদের নিয়ে বসতে হবে।’
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। এ দিন তাঁদেরই দপ্তর বণ্টন করা হলো। বুধবারের মধ্যে বাকি মন্ত্রীদেরও নাম ঘোষণা হয়ে যেতে পারে বলেই খবর।