• সাড়ে ১০ ঘণ্টা জেরার পরে ইডির হাতে গ্রেপ্তার সুজিত
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছে সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

    এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে ১ মে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। প্রায় ৯ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ইডি দপ্তর থেকে বেরিয়ে সুজিত দাবি করেছিলেন, যেই মামলায় ইডি তাঁকে ডেকেছে, সেই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করে দিয়েছে। সেই চার্জশিটে তাঁর নাম নেই। সুজিতের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করে ইডি। সোমবার সকালে ইডি দপ্তরে আসেন প্রাক্তন দমকল মন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁক জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।   

    উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর-সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই দুর্নীতি মামলায় অয়ন শীল ও অন্যান্য অভিযুক্তদের জেরা করে ইডি। সেই সময় অয়নের বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে দুই হেভি ওয়েট নেতার নাম উঠে আসে। রথীন ঘোষ ও সুজিত বসু।

    দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান হিসেবে থাকাকালীন ওই পুরসভার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর সময়ে হওয়া নিয়োগের বিষয়ে তথ্য জানতেই তলব করেছিল তাঁকে। সুজিতের বাড়ি ও  তাঁর রেস্তোরাঁ এবং তাঁর ছেলের রেস্তোরাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।
  • Link to this news (আজকাল)