• মাথায় চোট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত বক্সী!
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ সোমবার সকালে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে গুরুতর ভাবে আহত তৃণমূলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। সূত্রের খবর, মাথায় চোট লাগায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে। এই মুহূর্তে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

    সূত্র মারফত জানা গিয়েছে, পরিবারের দাবি, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলেন সুব্রত। সেখানেই কিছু ভাবে পড়ে যান তিনি। ভারসাম্য হারিয়ে সজোরে মেঝের মধ্যে পড়েন। আর তাতেই মাথায় চোট পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

    হাসপাতাল মারফত জানা গিয়েছে, বর্ষীয়ান নেতার মাথার চোট গুরুতর। ইতিমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে,  মস্তিষ্কের একটি অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে। যা ডাক্তারি পরিভাষায় ইন্টারনাল হ্যামারেজ বলে। সে জন্য আপাতত তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে অন্য একটি পর্যবেক্ষণও রয়েছে চিকিৎসকদের। অনুমান করা হচ্ছে, হয়তো আগে স্ট্রোক হয়ে তারপর উনি পড়ে গেছেন। 

    প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর রাজ্যের ক্ষমতার হাতবদল হয়েছে। দুই তৃতীয়াংশ ভোটে জিতে সরকার গঠন করে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যের ক্ষমতায় বিজেপি সরকার। তবে এই ভোটের আগে থেকেই দলে প্রাসঙ্গিক হারান সুব্রত। দলের প্রার্থী তালিকা তৈরিতেও ছিলেন না তিনি। ফলাফলের পর আরও হতাশা গ্রাস করে বলেই জানা গিয়েছে। তবে তাঁর আঘাতের বিষয়ে এখনও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে তেমন কোনও খবর নেই। 
  • Link to this news (আজকাল)