• হকার সরে দোকানের রাস্তা খুলুক, আশায় হগ মার্কেট
    এই সময় | ১২ মে ২০২৬
  • এই সময়: বার বার মিলেছে শুধু আশ্বাস। কিন্তু মেটেনি সমস্যা। দিনের পর দিন অপেক্ষাই সার হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে কলকাতার হগ মার্কেটের দোকানদাররা এ বার আশায় বুক বেঁধেছেন। আশা একটাই, রাজ্যের নতুন সরকার এ বার তাঁদের সমস্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। বেরোবে সুরাহার রাস্তা। ব্যবসা করা যাবে হকার–মুক্ত পরিবেশে।

    কলকাতার প্রথম ইন্ডোর বাজার হগ মার্কেট। কলকাতা পুরসভার সদর কার্যালয় সংলগ্ন এই মার্কেটে তিন হাজার দোকান রয়েছে। এর পাশেই নিউ মার্কেট সংলগ্ন এলাকায় আরও খান পাঁচেক ইন্ডোর মার্কেট রয়েছে। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার বিভিন্ন ইন্ডোর মার্কেটের স্থায়ী দোকানদারদের ব্যবসা চলছে ঢিমেতালে। এর জন্যে অনিয়ন্ত্রিত হকার পরিস্থিতিকেই দায়ী করেন তাঁরা।

    হগ মার্কেটের ক্ষুব্ধ ব্যবসায়ীদের বক্তব্য, তাঁদের সমস্যাকে গুরুত্ব না দিয়ে দিনের পর দিন হকারদের নিয়ে লুকোচুরি খেলেছে পুরসভা। সরকারও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হগ মার্কেট–সহ বিভিন্ন ইন্ডোর মার্কেটের সামনে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হকারদের দখলদারির ফলে ক্রেতারা দোকান বা মার্কেট খুঁজেই পান না। প্রতিটি মার্কেটের সামনে হকাররা এমন ভাবে পসরা সাজিয়ে রাখেন, অনেকেই মার্কেটে ঢোকার রাস্তা পান না। এই সমস্যারই নিরসন চাইছেন দোকানদাররা।

    হগ মার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য জানান, হকারদের হকিং করা নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। তাঁরা শুধু চেয়েছিলেন ইন্ডোর মার্কেট এবং দোকানের সামনের রাস্তা ছেড়ে হকিং করুন হকাররা। অভিযোগ, হকাররা রাতে রাস্তায় তাঁদের জিনিসপত্র রেখে চলে যান। যে কোনও সময়ে যা থেকে অগ্নিকাণ্ডের মতো বিপদের ঝুঁকিও থাকে। অ্যাসোসিয়েশনের অন্যতম শীর্ষ নেতা অশোক গুপ্ত বলেন, ‘আমরা চাই হকাররা টাউন ভেন্ডিং কমিটির শর্ত মেনে হকারি করুন। তাঁদের নিয়ন্ত্রণ করা হোক। নতুন সরকার আমাদের জন্যে এই ব্যবস্থাটা করবে, এটুকুই আমাদের আশা।’ তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা হকার নিয়ন্ত্রণে অতীতে কিছু কিছু পদক্ষেপ করেছে।

    তবে বিজেপির কাউন্সিলার সজল ঘোষ, বিজয় ওঝাদের বক্তব্য, হকার নিয়ে অনেক নিয়ম করেছে পুরসভা। কিন্তু কোনওটাই কার্যকর বা বাস্তবায়িত করেনি। যদিও পুরসভার হকার পুনর্বাসন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার একাধিক বার জানিয়েছেন, সমস্যা নিরসনে পুরসভা হকারদের ভেন্ডিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধাপে ধাপে সেই প্রক্রিয়া চলছে।

    আবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, ‘কলকাতার সব হকারকে টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত মেনে হকারি করতে দিতে হবে। তবে রাস্তা আটকে হকারির পক্ষে নই আমরাও।’ হগ মার্কেটের দোকানদারের বক্তব্য, পুরসভার বহু নিয়ম শুধু খাতায়কলমেই রয়েছে। বাস্তবে কোনও পদক্ষেপ দেখা যায় না। নতুন সরকার সমস্যার সমাধানে কতটা আন্তরিক হয়, এখন তারই অপেক্ষা।

  • Link to this news (এই সময়)