আবহাওয়ার মেজাজ বোঝা এখন দায়। একদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হতে পারেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্ষরেখার টানে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। সেই কারণে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও চড়া রোদ, আবার কখনও মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে রোদের তেজ। যার জেরে অস্বস্তিকর গরমে নাজেহাল হতে পারেন পথচলতি মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যার জেরে আগামী কয়েক দিনে শহরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য খুব একটা স্বস্তির খবর নেই। মঙ্গলবার থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হবে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যার জেরে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।