মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। কিন্তু শহর কলকাতার আবহাওয়া দেখে তা খুব বেশি টের পাওয়ার উপায় নেই। কারণ, সোমবারও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রাও ১.৪ ডিগ্রি কম রয়েছে। পাশাপাশি, হঠাৎ হঠাৎ বৃষ্টি স্বস্তি দিচ্ছে আমজনতাকে। এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রগর্ভ মেঘের জেরে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। IMD-এর পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে।
গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
IMD-র পূর্বাভাস মোতাবেক, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গ জুড়ে এদিন বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে।