গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। ফলে গরমে হাসফাঁস দশা থেকে মুক্তি মিলেছিল। কিন্তু সুখের দিন শেষ! হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং বাড়বে তাপমাত্রা। এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি। তবে উত্তরবঙ্গ ভাসতে পারে ভারী বৃষ্টিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে ভাসতে পারে উত্তরবঙ্গ। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারীবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে।