মণিপুরের যুবতীকে কাজে রেখে ৫ বছর ধরে নির্যাতন, অভিযোগ দায়ের, চাঞ্চল্য বেঙ্গালুরুতে
বর্তমান | ১২ মে ২০২৬
বেঙ্গালুরু: মাত্র ২৩ বছর বয়সে কাজের খোঁজে মণিপুর ছেড়ে বেঙ্গালুরুতে এসেছিলেন এক যুবতী। আইআইএম বেঙ্গালুরু হস্টেলের ভিতরে সেই যুবতীকে কাজে রেখে গত পাঁচ বছর চলছে নির্যাতন! সম্প্রতি সামনে এসেছে গোটা বিষয়টি। জানা গিয়েছে, অমর ও অংশু নামে এক দম্পতির সন্তানকে দেখাশোনা করার কাজ করতেন ওই যুবতী। পুলিশের কাছে তাঁর অভিযোগ, প্রায়শই কাজে কোনো না কোনো খুঁত বের করে তাঁকে খেতে দেওয়া হত না। এমনকি তাঁর মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছিল। গত ১৫ এপ্রিল ভোর আড়াইটে নাগাদ নির্যাতন চরমে পৌঁছায়। গৃহকর্তা চুলের মুঠি ধরে ওই যুবতীকে মারধর করে। তার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আতঙ্কে তিনি তখন পুলিশে অভিযোগ করেননি। গত ৪ মে ফের তাঁকে সারাদিন খাবারই দেওয়া হয়নি। তখন তিনি পড়শিদের কাছে গিয়ে নিজের পরিস্থিতির কথা জানান। তাঁদের ফোন থেকে তিনি নিজের কাকিমার সঙ্গে কথা বলেন। ওই মহিলা বেঙ্গালুরুতে কুকি ছাত্র সংগঠনের সভাপতি। ভাইঝির এহেন অবস্থার কথা শুনেই তিনি এফআইআর দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।