ত্রিপুরার সীমান্ত এলাকায় বিএসএফের গুলি, নিহত দুই বাংলাদেশি পাচারকারী
বর্তমান | ১২ মে ২০২৬
আগরতলা: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর। শুক্রবার রাতের এই ঘটনাটি ত্রিপুরার সিপাহিজলা জেলার। মৃতদের নাম নবির হুসেন (৪০) ও মহম্মদ মুরসালিন (২২)। ময়নাতদন্ত শেষে শনিবার দেহ হস্তান্তরের কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি) আধিকারিকরা।
সূত্রের খবর, সীমান্তে টহলদারি চালাচ্ছিল বিএসএফ। তখনই তাঁরা দেখেন, ভারত থেকে বাংলাদেশে মালপত্র পাচারের চেষ্টা চালাচ্ছে একদল পাচারকারী। দেখামাত্র অভিযুক্তদের সাবধান করা হয়। বারবার সতর্ক করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। উলটে বিএসএফকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে পাচারকারীরা। আত্মরক্ষার জন্য পালটা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। দুই পাচারকারীকে গুরুতর জখম অবস্থায় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এবিষয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, ‘পাচারকারীদের একাধিকবার সাবধান করেন জওয়ানরা। কিন্তু জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে তারা। পরে আত্মরক্ষার জন্য পাম্প অ্যাকশন গান থেকে কয়েক রাউন্ড গুলি চালান জওয়ানরা। তাতে দুই পাচারকারী জখম হয়।’
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি বলেন, ‘আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে সীমান্ত বারবার রক্তাক্ত হলে ভালো সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। শুক্রবার রাতেও ব্রাহ্মণবেড়িয়া সীমান্তে দু’জনকে গুলি করে হত্যা করা হয়।’