গুয়াহাটি: টানা তিনবার অসমে সরকার গড়ছে বিজেপি। ২০১৬ সালে প্রথমবার কংগ্রেসকে ধরাশায়ী করে ক্ষমতায় এসেছিল পদ্ম শিবির। মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনেওয়াল। এরপর ২০২১ সালের নির্বাচনেও বিজেপি আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফেরে। মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। ২০২৬ সালের ভোটে রেকর্ড ১০২টি আসনে জিতে ফের অসমের সিংহাসনে বসছেন তিনি। আজ, মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন ৫৭ বছরের হিমন্ত। রবিবার আনুষ্ঠানিকভাবে এনডিএ-র নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে বিধানসভার পরিষদীয় দলনেতাও হয়েছেন তিনি। রবিবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানান হিমন্ত। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ গুয়াহাটির খানাপাড়ায় প্রাণী চিকিৎসা কলেজের মাঠে হবে শপথগ্রহণের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। গত শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনিও শপথ অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।