• ওয়ার্ক ফ্রম হোম চালু করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি তথ্যপ্রযুক্তি সংস্থার
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী এক বছর সোনা কিনবেন না। বেড়াতে যাবেন না। যথাসম্ভব ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতের বিদেশি মুদ্রার সংকট নিয়ে এই সতর্কবার্তা ও নির্দেশিকা দিয়েছেন রবিবারই। যা নিয়ে অর্থনীতি ও বাণিজ্যমহলে আলোড়ন পড়েছে। কারণ প্রধানমন্ত্রী যদি সোনা কিনতে বারণ করেন, ওয়ার্ক ফ্রম হোম পর্বে ফিরে যেতে বলেন, তার অর্থ সেটি আর নিছক পরামর্শ অথবা প্রস্তাব থাকে না। আদতে সেটি আগামী দিনের সিদ্ধান্ত। ইতিমধ্যেই তথ্য ও প্রযুক্তি সেক্টরের কর্মী সংগঠন ও বণিকসভাগুলি সরকারকে চিঠি লিখে ওয়ার্ক ফ্রম হোম চালু করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বলা হয়েছে, এই ব্যবস্থা দেশের স্বার্থে চালু করতে চায়। কেন্দ্রীয় শ্রম, তথ্য-প্রযুক্তি, কর্পোরেট বিষয়ক মন্ত্রকে চিঠি লিখেছে  ন্যাসকেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট। তথ্য প্রযুক্তি সেক্টরের সর্ববৃহৎ কর্মী সংগঠন ও জাতীয় প্রতিনিধি মঞ্চ শ্রমমন্ত্রককে বলেছে,  তথ্য-প্রযুক্তি সেক্টর যথাসম্ভব ওয়ার্ক ফ্রম হোক চালু করুক।  সরকারিভাবে এই মর্মে সার্কুলার প্রকাশ হোক।। এমনকি চিঠিতে বলা হয়েছে, এই ব্যবস্থা যদি বাধ্যতামূলক হয়, তাহলেও তথ্য-প্রযুক্তি সেক্টর রাজি আছে। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী এরকম প্রস্তাব দেওয়ার পরদিনই যেভাবে তথ্য-প্রযুক্তি সেক্টর এই পদক্ষেপ চালু করার আবেদন জানিয়েছে, তা নজিরবিহীন। সাধারণত সরকার আগে উদ্যোগী হয় এবং তথ্য-প্রযুক্তি অথবা অন্য শিল্প মহলের কাছে মতামত চায়। এরপর সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এবার বিপরীত। তথ্য-প্রযুক্তি সেক্টর নিজেরই উপযাচক হয়ে এই আবেদন করায় মনে করা হচ্ছে এর পিছনে কোনো অদৃশ্য হাত রয়েছে। অর্থাৎ সরকারই চাইছে যে তথ্য-প্রযুক্তি সেক্টরও নিজেদের আগ্রহ প্রকাশ করুক। তাহলে ওয়ার্ক ফ্রম হোম চালু করতে সুবিধা হয়। মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত কার্যকর হওয়া সময়ের অপেক্ষা। 
  • Link to this news (বর্তমান)