• ঝালমুড়ি খাইয়ে বিজেপির বিজয় মিছিল খাগড়াবাড়িতে
    বর্তমান | ১২ মে ২০২৬
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: বিজেপির জয়ে সোমবার ময়নাগুড়ি ব্লকের ১৬/১৫১ নম্বর বুথে বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন ঝালমুড়ি ছিল মিছিলের বিশেষ আকর্ষণ। মিছিলে আসা প্রত্যেকের হাতে ঝালমুড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের মধ্য খাগড়াবাড়ির ১৫১ নম্বর বুথের বাসিন্দারা স্বতঃস্ফূর্ত হয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। পাশাপাশি গেরুয়া আবির খেলা হয়। মিছিলে কীর্তনের আয়োজন করা হয়েছিল। 

    ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকার বিজেপির কার্যকর্তারা এদিন বিজয় মিছিলের আয়োজন করেন। মিছিল শেষে মাছ ও মাংস ভাতের আয়োজন করা হয়। বিজেপির কার্যকর্তা জয়ন্ত রায়ের বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এদিনের মিছিলের নেতৃত্ব দেন বুথ সভাপতি সন্তোষ রায়। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় সু-প্রতিষ্ঠিত বিজেপি সরকার গঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই খুশিতে আমরা এদিন বিজয় মিছিলের আয়োজন করেছি। বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই ঝালমুড়ি খাওয়াকে তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল। তৃণমূলের এই রাজনীতির বিরুদ্ধে আমরা সকলে সমবেত হয়ে ঝালমুড়ি বিতরণ করেছি। এছাড়াও আমরা এদিন মিছিল শেষে মাছ ও মাংস ভাতেরও আয়োজন করেছি।

    জয়ন্ত রায় বলেন, বাড়িতে লাল চা, জিলিপি, মিষ্টি সহ মাছ ও মাংস রান্না হয়েছে। এবার বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ করবে। এদিন প্রায় ৭০০ জনের খাবারের আয়োজন করেছি। 
  • Link to this news (বর্তমান)