সংবাদদাতা, কাঁথি: তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন এগরার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক। তবে একধাপ এগিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়েছেন তিনি। তাতে প্রচারক হিসাবে স্বপনবাবুরই নাম রয়েছে। রবিবার থেকে শহরের বিভিন্ন জায়গায় এমন হোর্ডিং চোখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই হোর্ডিংয়ের মাধ্যমে দলবদলের আগাম ঘোষণা করে দিলেন তিনি। আর এর ফলে বিজেপিতে যোগদানের বিষয়েও তিনি অনেকটাই এগিয়ে গেলেন। এগরা পুরসভা এখনো তৃণমূলের দখলে রয়েছে। খাতায়-কলমে চেয়ারম্যান রয়েছেন স্বপনবাবু। যদিও গতবছর ডিসেম্বর মাস থেকে এই পুরসভায় ডামাডোল শুরু হয়। চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলারদের বড় অংশ অনাস্থা আনেন। দলের তরফেও তাঁকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। যদিও অনড় স্বপনবাবু ইস্তফা দেননি। তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরানোও যায়নি। এরপর চেয়ারম্যানের বিরুদ্ধে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ তোলেন এগরা-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। ২জানুয়ারি স্বপনবাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির পরে তাঁর পাশে দাঁড়ায় অধিকারী পরিবার সহ বিজেপি নেতৃত্ব। এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী সর্বদা তাঁর পাশে ছিলেন। বিজেপির আইনজীবীরা তাঁর জামিনের জন্য লড়াই করেছেন। ৮৪দিনের মাথায় চেয়ারম্যান হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান। জামিনের পর শুভেন্দুবাবু তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। তবে হাইকোর্টের বিশেষ শর্তের কারণে স্বপনবাবু এগরার বাইরে রয়েছেন।
তৃণমূল সূত্রে খবর, মিথ্যা মামলায় জেল খাটানোর প্রতিবাদে আগেই দলবদলের প্রস্তুতি নিয়েছিলেন ওই নেতা। বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়েই কাজ করেছেন। এবার হোর্ডিংয়ের মাধ্যমে দলবদলে প্রায় সিলমোহর দিলেন।
এবিষয়ে স্বপনবাবু বলেন, আমাদের এলাকারই বাসিন্দা মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ায় তাঁকে সবারই শুভেচ্ছা জানানো উচিত। আমিও জানিয়েছি। পুরসভার ১৪টি ওয়ার্ডের সবাই নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে খুশি। বাকিটা আগামী দিনে বলব।-নিজস্ব চিত্র