কমান্ডেশন ব্যাজ! দেশের সেনা প্রধানের হাতে সম্মানিত বঙ্গকন্যা
বর্তমান | ১২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজস্থানের জয়পুরে আর্মি ডে প্যারেড থেকে দেশের সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথ। মাত্র ২১ বছর বয়সি ছাত্রীর দৃপ্ত কণ্ঠস্বর নজর কেড়েছিল সকলের। প্রতিরক্ষা মন্ত্রকের সেরেমোনিয়াল বিভাগের প্যানেলে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ ধারাভাষ্যকার! দুটি অনুষ্ঠানেই দেখিয়েছিলেন অসাধারণ পারফর্ম্যান্স। তারই ফলে স্বয়ং দেশের সেনা প্রধানের হাত থেকে সম্মানিত হলেন বঙ্গকন্যা স্বপ্নিলা আচার্য। সোমবার দিল্লির সাউথ ব্লকে তাঁর হাতে ‘কমান্ডেশন ব্যাজ’ তুলে দেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। স্বপ্নিলার এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। গর্বিত তাঁর পড়শিরাও।
স্বপ্নিলার বাবা প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত। বর্তমানে তাঁরা সপরিবারে দিল্লিতেই থাকেন। তবে, তাঁদের আসল বাড়ি হুগলিতে মগরার দিগসুই গ্রামে। বাবার কর্মসূত্রে স্থানান্তর হতে হয়েছে তাঁকে। পড়াশোনার সূচনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে। বর্তমানে তিনি দিল্লি ইউনিভার্সিটিতে মাইক্রো বায়োলজির মেধাবী ছাত্রী। তিনি এর আগে ইসরোর ইয়ং সায়েন্টিস্ট হিসাবেও নির্বাচিত হন। এবারের আর্মি ডে প্যারেডে ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপর ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে প্রতিরক্ষা মন্ত্রকের সেরেমোনিয়াল বিভাগের প্যানেলে ধারাভাষ্যকার নির্বাচিত হন। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য বিশিষ্ট অতিথিদের সামনে তাঁর ধারাভাষ্য সকলের নজর কাড়ে। অসাধারণ সাফল্যের জন্যই তাঁকে কমান্ডেশন ব্যাজ প্রদানের জন্য নির্বাচন করা হয়। স্বপ্নিলার মা শর্মিষ্ঠা আচার্যের কথায়, খুবই ভালো লাগছে। মা হিসাবে মেয়ের অসাধারণ সাফল্যে আমি গর্বিত।