• দল আর সরকার এক নয়, শুভেন্দুকে বার্তা শমীকের
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্টি ও সরকারের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্মণরেখা থাকবে। মুখ্যমন্ত্রী হিসাবে সোমবার কাজ শুরুর আগে শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গত শুক্রবার নিউ টাউনে কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে, সূচনাতেই এই সুর বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল জমানায় প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। সেই সুযোগে দুর্বৃত্তেরা রাজনীতির ময়দানে ঢুকে পড়েছিল। সেই সুরেই এদিন শমীক বলেন, সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিভিন্ন জনমুখী কেন্দ্রীয় প্রকল্পগুলি কীভাবে দ্রুত বাংলায় কার্যকর করা যায়, সেই বিষয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করেব। 

    অন্যদিকে, দলের প্রতি আনুগত্যের আরো এক নজির তৈরি করলেন শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি নির্ধারিত ছিল শুভেন্দুবাবুর। সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সল্টলেকের বাড়িতে। তারপর অগ্রজ রাজ্য সভাপতিকে গাড়িতে তুলে হাজির হন সেক্টর ফাইভের পার্টি অফিসে। সেখানে দলের কর্মী-সমর্থকরা প্রথম বিজেপি সরকারের মুখমন্ত্রীকে ফুল-মালা-মিষ্টি দিয়ে বরণ করে নেন। সংক্ষিপ্ত এই কার্যক্রম সেরে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরাট কনভয় ছোটে গঙ্গাপাড়ে নবান্নের দিকে।
  • Link to this news (বর্তমান)