• কাঁচরাপাড়ায় বন্ধ ঘরে ডাকঘর কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এক ডাকঘর কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল কাঁচরাপাড়ায়। সোমবার ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রজনিবাবু রোডে। মৃত ডাকঘর কর্মীর নাম ঋত্বিক সরকার, বয়স আনুমানিক ৩১ বছর। তাঁর বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সের বীরপাড়া এলাকায়। তিনি কাঁচরাপাড়া প্রধান ডাকঘরের কর্মী ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক বছর দুয়েক ধরে কর্মসূত্রে ওই এলাকায় মনোজিত সাহা নামে একজনের দোতলা বাড়ির নীচে ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন। এদিন সকালে কাজে যোগ দিতে দেরি হচ্ছে দেখে অফিস থেকে তাঁকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু ফোন না ধরায় সহকর্মীরা খোঁজ করতে তাঁর বাড়িতে যান। ঘরের দরজা বন্ধ থাকায় জানলা দিয়ে তাঁরা দেখেন, ঋত্বিক খাটের নীচে পড়ে রয়েছেন। চারপাশে চাপ চাপ রক্ত জমে। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি ডাকঘরের পোস্টমাস্টারকে জানান। পোস্ট অফিসের তরফে বীজপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আসেন বীজপুরের এসিপি সৌমেন্দ্র সরকার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 

    ডাকঘর কর্মীর মৃত্যু নিয়ে ওই বাড়ির নীচে থাকা এক ওষুধ ব্যবসায়ী বলেন, সকালে মৃত ব্যক্তির সহকর্মীরা তাঁকে ডাকতে এসেছিলেন। কোনও সাড়াশব্দ না মেলায় দোকানে পাশের দরজা দিয়ে গিয়ে তাঁরা দেখেন, ঋত্বিক রক্তাক্ত অবস্থায় খাটের নীচে পড়ে রয়েছেন। এরপরেই খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাঁর কথায় মৃত ব্যক্তি প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যেতেন। বিকেলে কাজ থেকে ফিরে এসে তিনি আবার বেরিয়ে যেতেন। কারোর সঙ্গে বিশেষ কথা বলতেন না বলে দাবি ওষুধ ব্যবসায়ীর। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে পুলিশ। এলাকার সিসিক্যামেরার ফুটেজ দেখছে তারা। এটা খুন না অন্য কিছু, তাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)