নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ সমাবেশ থেকে ‘চোর চোর’ স্লোগান উঠল। সোমবার হুগলির চুঁচুড়া পুরসভায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’মাসের অবসরকালীন ভাতা না মেলায় এদিন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল অবসরপ্রাপ্ত কর্মীদের একটি মঞ্চ। সেই বিক্ষোভ চলাকালীন পুর চেয়ারম্যান এবং বোর্ডের উদ্দেশ্যে ওই স্লোগান ওঠে। যদিও মঞ্চের তরফে জানানো হয়েছে, আন্দোলনকারীরা কেউ ওই রকমের কোনো স্লোগান দেননি। প্রসঙ্গত, মার্চ মাস থেকে অবসরকালীন ভাতা পাননি চুঁচুড়া পুরসভার কর্মীরা। মে মাসে ১১ দিন পেরিয়ে গিয়েছে। নতুন মাসের ভাতা পাওয়ার সময়ও এসে গিয়েছে। এই পরিস্থিতিতেই বিক্ষোভ শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন, সরকার ও পুরসভা যৌথভাবে অবসরকালীন ভাতার টাকা দেয়। আমরা সরকারের কাছে আবেদন করেছি আগেই। আশা করছি, এবার দ্রুত সমস্যা মিটে যাবে।