• নিকাশিনালা সাফাই থেকে আবর্জনা পরিষ্কার পুরকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে রাস্তায় বিজেপি
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা নাগরিক সমস্যাকে সামনে রেখে এবার সরাসরি মাঠে নামল বিজেপি। কোথাও রাস্তার ধারে আবর্জনার স্তূপ, কোথাও আবার নিকাশিনালা বুজে জল উপচে পড়ার অভিযোগ। বর্ষার আগে এই পরিস্থিতি সামাল দিতে সোমবার সকাল থেকে বালি-বেলুড়ের একাধিক এলাকায় সাফাই অভিযানে নামতে দেখা গেল বিজেপি নেতৃত্ব ও কর্মীদের। স্থানীয়দের দাবি, বহু জায়গাতেই নিয়মিত সাফাই না হওয়ায় সমস্যা ক্রমশ বাড়ছিল।

    বেলুড়ের ধর্মতলা রোড, এমএলবি রোড সহ বিভিন্ন এলাকায় এদিন রাস্তায় জঞ্জাল পরিষ্কার ও নিকাশিনালা সাফাইয়ের কাজ করা হয়। এই কাজে হাওড়া পুরসভার সাফাই কর্মীদের পাশাপাশি হাত লাগান বিজেপি কর্মীরাও। কোথাও বেলচা হাতে রাস্তার ময়লা তুলতে, কোথাও আবার আবর্জনা গাড়িতে ফেলতে দেখা যায় তাঁদের। বেশ কয়েকটি এলাকায় নালার মুখে জমে থাকা প্লাস্টিক ও বর্জ্য সরানো হয়। গোটা কর্মসূচি তদারকি করেন বালি থেকে বিধানসভায় নির্বাচিত বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহু বছর ধরেই এই সমস্যা চরম আকার নিয়েছে। এলাকার বাসিন্দা দেবেন সিকদার বলেন, ‘রাস্তায় দিনের পর দিন জঞ্জাল পড়ে থাকে। নালাগুলি পরিষ্কার না হওয়ায় বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। বহুবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি।’ একই সুর শোনা গেল রণজয় ভট্টাচার্যের গলাতেও। তাঁর কথায়, ‘বর্ষার সময় এলাকায় হাঁটাই দায় হয়ে পড়ে। এবার নতুন সরকার নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। স্থায়ী সমাধান হোক, সেটাই চাই।’

    বালি থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী সঞ্জয় সিং বলেন, বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা চোখে পড়ার পরই দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, ড্রেনের জল উপচে রাস্তায় চলে আসছে, পাশাপাশি আবর্জনাও সরানো হচ্ছিল না। তাই পুরসভার সাফাই কর্মীদের ডেকে পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, হাওড়া পুরসভার প্রশাসক ও সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের পথ খুঁজতে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে বলে তাঁর দাবি। এদিকে, সাফাই অভিযানে অংশ নেওয়া বিজেপি কর্মী সন্তু দাস বলেন, ‘ভোটের সময় আমরা জঞ্জালমুক্ত বালির প্রতিশ্রুতি দিয়েছিলাম। মানুষের প্রত্যাশা অনেক। তবে ১৫ বছরের সমস্যা একদিনে মেটানো সম্ভব নয়। একটু সময় দিলে ধাপে ধাপে এই কাজ করা হবে।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)