• মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। সোমবার সকাল থেকেই একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দেখা যায় তাঁকে। এদিনই তাঁকে মুখ্যসচিব হিসাবে রাজ্য সরকার ঘোষণা করবে বলে জল্পনা শুরু হয়। বিকাল গড়াতেই রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয়, ১৯৯০ সালের এই আইএএস অফিসার হলেন রাজ্যের নতুন মুখ্যসচিব। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দায়িত্ব সামলেছেন। ৩১ জুলাই তাঁর কর্মজীবনের শেষ দিন হলেও, সেই মেয়াদ বাড়তে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। 

    রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন আইআইটি কানপুরের প্রাক্তনী। তিনি একসময় উত্তর দিনাজপুর এবং বর্ধমানের জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। তারপরেই তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর ব্যক্তিগত সচিব হয়ে সেন্ট্রাল ডেপুটেশনে চলে যান তিনি। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে ফিরে এসে রাজ্য হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, যুবকল্যাণ দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং খাদ্যদপ্তরের সচিবের দায়িত্ব সামলেছেন মনোজ আগরওয়াল। অতিরিক্ত মুখ্যসচিব হিসাবেও দায়িত্ব সামলেছেন বিপর্যয় মোকাবিলা, দমকল এবং বনদপ্তরের। ২০২৫ সালের ৩ এপ্রিল মুখ্য নির্বাচনি আধিকারিকের দায়িত্ব নেন তিনি। দক্ষতার সঙ্গে ছাব্বিশের নির্বাচন সামলানোর পর মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। বিদায়ী মুখ্যসচিব দুষ্ম্যন্ত নারিওয়ালাকে দিল্লিতে পশ্চিমবঙ্গের প্রধান রেসিডেন্ট কমিশনার পদের দায়িত্ব দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)