পাণ্ডুয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন, শুরু রাজনৈতিক তরজা
বর্তমান | ১২ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাণ্ডুয়ার ইলছোবায় তৃণমূলের একটি পার্টি অফিস আগুন পুড়ে গিয়েছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাতেই এলাকায় হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। কেউ হতাহত না হলেও পার্টি অফিসের আসবাব সহ নানা নথি পুড়ে গিয়েছে। সোমবার সকাল থেকে ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, রবিবার স্থানীয় বিজেপি কর্মীরা এলাকায় বিজয় উৎসব পালন করে। তারপরেই রাতে পার্টি অফিসে আগুন লাগে। স্থানীয় তৃণমূল নেতা পার্থ সরকার বলেন, বিজেপি আমাদের অফিস পুড়িয়ে বিজয় উৎসব পালন করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করব। জানি না, নিরপেক্ষ তদন্ত হবে কি না। যদিও বিজেপির সদ্য নির্বাচিত প্রার্থী তুষার মজুমদার বলেন, আমি প্রথম দিন থেকে রাজনৈতিক হিংসা প্রতিরোধের কাজে নেমেছিলাম। স্থানীয় মানুষ তা দেখেছেন। পার্টি অফিসে অগ্নিকাণ্ড দুর্ভাগ্যজনক ঘটনা। তবে যতটুকু জানতে পেরেছি, তৃণমূলের নিজস্ব কোন্দলেই ওই ঘটনা ঘটেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। নিজস্ব চিত্র