• বিজেপি কর্মী হত্যা মামলা: আদালতে গরহাজির পরেশ পাল, প্রাক্তন ওসি
    বর্তমান | ১২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় সোমবার আদালতে গরহাজির থাকলেন অভিযুক্ত প্রাক্তন বিধায়ক পরেশ পাল ও নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি। এদিন কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে ছিল এই মামলার শুনানি। জেল থেকে ১২ জন অভিযুক্তকে হাজির করানো হয়। জামিনে থাকা বাকি অভিযুক্তরা কোর্টে হাজির থাকলেও আসেননি পরেশ পাল সহ ২ অভিযুক্ত। যদিও তাঁদের কৌঁসুলি গরহাজির থাকার কারণ হিসাবে তাঁদের মেডিকেল রিপোর্ট পেশ করেন। বিচারক ১ জুন পরবর্তী শুনানির দিন অভিযুক্তদের ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

    সূত্রের খবর, এই মামলায় সম্প্রতি কয়েকজন ‘ফেরার’ অভিযুক্ত ধরা পড়েছে সিবিআইয়ের হাতে। তাঁদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল চার্জশিট। আগামী শুনানির দিন তাঁদের হাতে সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়ার পাশাপাশি এই মামলায় নতুন করে ধরা পড়া ধৃতদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হওয়ার কথা। এদিকে, এই মামলায় অভিজিৎ সরকারের মায়ের সাক্ষ্যগ্রহণ শুরু হলেও তা অসমাপ্ত থেকে গিয়েছিল। তিনি অসুস্থ থাকায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই চলে মামলার সাক্ষ্যদান পর্ব। এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে মৃত অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার বলেন, ‘নানা প্রতিকূলতা কাটিয়ে মামলায় গতি আসুক, এটাই চাইছি।’ আদালত সূত্রে জানা গিয়েছে, এই হত্যা মামলায় এখনও ‘ফেরার’ রয়েছে তিন অভিযুক্ত। তাদের বিরুদ্ধে ‘হুলিয়া’ জারি রয়েছে।
  • Link to this news (বর্তমান)