এক বছর সোনা না কেনার বার্তা প্রধানমন্ত্রীর ক্ষতির আশঙ্কায় বহরমপুরের স্বর্ণ ব্যবসায়ীরা
বর্তমান | ১২ মে ২০২৬
সংবাদদাতা, বহরমপুর: জাতীর স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী এক বছর সোনা কেনায় দেশবাসীকে লাগাম টানার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্বর্ণ ব্যবসায়ী মহলে শোরগোল পড়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার স্বর্ণ ব্যবসায়ীরাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে এই প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানালেও স্বর্ণ ব্যবসায় কিছুটা হলেও ধাক্কা লাগবে বলেই আশঙ্কা করছেন অনেকে। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সোনার দাম আকাশছোঁয়া হতেই সাধারণ মানুষের হলুদ ধাতু কেনার প্রবণতা এমনিতেই কমেছে। মানুষ গচ্ছিত সোনা ভেঙে নতুন মডেলের গয়না গড়তে শুরু করেছেন। এবার সেই প্রবণতা আরও বাড়বে। তবে প্রধানমন্ত্রীর আহ্বানে স্বর্ণশিল্পীরা চরম আতঙ্কিত হয়ে পড়ছেন। শিল্পীদের দাবি, সোনার দাম বাড়ায় কাজের অভাবে তাঁদের রুজিরোজগারে টান পড়েছে। এবার সমস্যা আরও জটিলতার দিকেই গড়াচ্ছে।
ডলারের মাধ্যমে ভারতকে বিদেশ থেকে সোনা আমদানি করতে হয়। যার জেরে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষ করে অবিশ্বাস্য হারে সোনার দাম বেড়ে যাওয়ায় হলুদ ধাতুর আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে দেশবাসীর সোনা কেনায় রাশ টানতে বলেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্বর্ণ ব্যবসায়ী মহলে তোলপাড় ফেলেছে। ব্যবসায়ীরা দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্য মানতে বাধ্য হলেও অনেকেই আবার স্বর্ণ ব্যবসায় জোর ধাক্কার আশঙ্কা করছেন। কারও কারও দাবি, সোনার বাজার যে উচ্চতায় উঠেছে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া এই হলুদ ধাতু থেকে মুখ ফিরিয়েছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায় তেমন প্রভাব পড়বে না।
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বুলিয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাজীর ধর বলেন, দেশের ভবিষ্যতের ভালোর জন্যই প্রধানমন্ত্রী একেবারে কিনতে নিষেধ না করে কম সোনা কিনতে বলেছেন। সোনার দাম বাড়ায় মানুষের মধ্যে গচ্ছিত সোনা ভেঙে নতুন গয়না তৈরির প্রবণতা বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানের পর এই প্রবণতা আরও বাড়বে বলেই আমার ধারনা। সব ব্যবসায়ী সহমত হবেন বলেই মনে করছি।
এই সংগঠনের সহ সভাপতি তুহিন ধর বলেন, দেশের স্বার্থে সমর্থন করছি কেন্দ্রের এই সিদ্ধান্তকে। তবে একজন ব্যবসায়ী হিসাবে এটা স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে মঙ্গলজনক বলে মনে করছি না।
কর্ণসুবর্ণ থেকে বাবার সঙ্গে নিজের বিয়ের জন্য বহরমপুরে গয়না কিনতে এসেছিলেন শ্রেয়া দাস। তিনি বলেন, সার্বিক স্বার্থে বিয়ের জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন তার বেশি সোনা কিনব না। পুরাতন সোনা দিয়েই কাজ চালিয়ে নেব। তবে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যে শিল্পীরা কাজ হারানোর আতঙ্কে ভুগতে শুরু করেছেন। স্বর্ণশিল্পী রাধামাধব সেন বলেন, সোনার দাম বাড়ায় এমনিতে কাজ কমেছে। এখন মানুষ সোনা কিনতে হাত গুটিয়ে নিলে আমাদের রুজিরোজগারে টান পড়বে। কাজ হারানোর সম্ভাবনা বাড়বে।