• অরিজিতের সঙ্গে অবসর নিতে চেয়েছিলেন প্রীতম! কী কারণে পিছিয়ে এলেন?
    আজকাল | ১২ মে ২০২৬
  • চলতি বছরের শুরুর দিকেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সারা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সেই রহস্যের জট খুললেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও সুরকার প্রীতম। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছেন, অরিজিতের এই আচমকা অবসরের ঘোষণার নেপথ্যে জড়িয়ে আছে খোদ প্রীতমেরই অবসর পরিকল্পনা!

    এক সাক্ষাৎকারে সুরকার প্রীতম গত কয়েক মাস ধরেই বিরতি নেওয়ার কথা ভাবছেন। তাঁর সন্তানেরা পড়াশোনার জন্য বিদেশে পাড়ি দেবেন, তাই তাঁদের সঙ্গে সময় কাটাতেই এই সিদ্ধান্ত। অরিজিতের সঙ্গে তাঁর কথোপকথন প্রসঙ্গে প্রীতম বলেন, "আমি অরিজিৎকে কয়েকবার অবসরের কথা বলেছি। ওর দেশের বাড়ি জিয়াগঞ্জে সবাই গেলেও আমি যেতে পারিনি। ও হাসত আর বলত, 'আপনি যাবেন না'। আমি ওকে বলেছিলাম না, আমি অবসর নিচ্ছি। একবার ঘোষণাটা করে দিই, তারপর তোমার কাছে যাব আর আমরা দু'জন মিলে তারাপীঠেও যা'।"

    প্রীতম জানান, প্রায় এক বছর ধরে তাঁর মুখে এই অবসরের কথা শুনছিলেন অরিজিৎ। একদিন রাতে অরিজিৎ নাকি বলেই ফেলেন, "আপনি যেদিন অবসর নেবেন, আমিও সেদিন অবসর নেব।" মজার বিষয় হল, ঠিক তার পরের দিনই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেন গায়ক। প্রীতমের কথায়, "ঘোষণাটা করার পর ও আমাকে ফোন করে বলল, আপনার দ্বারা অবসর নেওয়া আর হবে না।"

    তবে এই ‘অবসর’ শব্দটিকে সাধারণ অর্থের চেয়ে একটু আলাদাভাবে দেখছেন প্রীতম। তাঁর মতে, কোনও শিল্পীই আসলে চিরতরে বিদায় নেন না, তাঁরা কেবল দীর্ঘ বিরতি চান। প্রীতম বলেন, "আমি আট মাস ধরে অবসরের কথা বলছি, কিন্তু সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আসলে অরিজিতের ওপর এত গানের চাপ ছিল যে ও ক্লান্ত হয়ে পড়েছিল। ও নিজের ছবি বানাতে চায়। ওকে একটু সময় দিন, ও ঠিক ফিরে আসবে।"

    প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন কোনও প্লেব্যাকের কাজ গ্রহণ করবেন না। শিল্পীর এই সিদ্ধান্তে অনুরাগীরা আশাহত হলেও, প্রীতমের এই বয়ান নতুন করে আশার আলো দেখাচ্ছে। যদিও কিছুদিন আগেই আমির খানের অনুরোধে তাঁর প্রযোজনায় 'এক দিন'-এ গান গেয়েছিলেন অরিজিৎ।
  • Link to this news (আজকাল)