• বড়পর্দার পর এবার ওটিটিতে 'এসিপি কণিষ্ক চ্যাটার্জি' হয়ে ফিরছেন টোটা
    আজকাল | ১২ মে ২০২৬
  • ২০২৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল প্রতীম ডি গুপ্তর পরিচালনায় 'চালচিত্র'। বাংলায় 'কপ থ্রিলার'-এর নিজস্ব জগৎ তৈরি করেছিল এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু, ছিলেন বলিউডের শান্তনু মাহেশ্বরী ও মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল ওপার বাংলার অভিনেতা জিয়ায়ুল ফারুক অপূর্বকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাইমা সেন, তানিকা বসু, স্বস্তিকা দত্ত ও প্রিয়া ব্যানার্জি।

    এই ছবি মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল দর্শক মহলে। আবারও ফিরছেন এসিপি কণিষ্ক চ্যাটার্জি। তবে এবার আর বড়পর্দায় নয়, তিনি ফিরছেন ওটিটিতে। সম্প্রতি সমাজমাধ্যমে 'কণিষ্ক'র লুকের ছবি ভাগ করেছেন টোটা রায়চৌধুরী। কালো শার্ট, ছাই রঙা ট্রাউজার ও চোখে রোদচশমা, গালে কাঁচাপাকা দাড়িতে আরও একবার দর্শকের মন কাড়তে তৈরি অভিনেতা। ওটিটির এই সিরিজের পরিচালনাতেও প্রতীম। প্রযোজনায় ফিরদৌসউল হাসান।

    আজকাল ডট ইন-কে প্রযোজক জানান, এবার গল্পের পরিসর আরও বাড়তে চলেছে। ওটিটিতে নতুন রহস্য ও তার সমাধান নিয়ে ফিরছেন কণিষ্ক চ্যাটার্জি। আগেরবারের মতো এবারও তাঁর টিমে দেখা যাবে পরিচিত কিছু চরিত্রকে। থাকবেন নতুন মুখও। বড়পর্দায় যেমন অপূর্ব ও শান্তনুকে দেখেছিলেন দর্শক। এবারের গল্পে ওপার বাংলা কিংবা বলিউড থেকে কারা থাকবেন তা এখনও নিশ্চিত করেননি তিনি। ফিরদৌসউল হাসান জানিয়েছেন যে, এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও।

    অন্যদিকে আবার শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়েছে এই সিরিজের। এবার এসিপি কণিষ্ক চ্যাটার্জিকে দর্শক দেখবেন হইচই-এর পর্দায়।
  • Link to this news (আজকাল)