Big Breaking: বাতিল হয়ে গেল ২০২৬ সালের NEET (UG) পরীক্ষা। ৩ মে পরীক্ষা নেওয়া হয়েছিল। কেন্দ্রের অনুমতি নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা করল National Testing Agency। ডাক্তারি পড়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষা হয়।
ANI সূত্রের খবর, কবে নতুন করে পরীক্ষা হবে, সেটা পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে।
NTA-এর তরফে X পোস্টে গোটা বিষয়টি জানানো হয়েছে। এই বছরের নিট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করেছে NTA তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পরীক্ষায় প্রশ্নপত্র সংক্রান্ত কারচুপি নিয়ে NTA-এর কাছে তথ্য পাঠানো হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির তরফে। সেগুলি খতিয়ে দেখেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারপরেই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
NTA-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের হাতে যা যা তথ্য এসেছে, তার ভিত্তিতে এই পরীক্ষা আর গ্রহণযোগ্য থাকতে পারে না। কেন্দ্রের তরফে গোটা বিষয়টির তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সঙ্গে সবরকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছে NTA। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে।
NTA-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য এবং গোটা পরীক্ষা ব্যবস্থার উপর বিশ্বাস যাতে বজায় থাকে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে বলে স্বীকার করা হয়েছে, কিন্তু পরীক্ষা বাতিল না করলে দীর্ঘমেয়াদি ক্ষতি হতো বলে জানিয়েছে সংস্থা।
NTA জানিয়েছে, নতুন করে পরীক্ষা নেওয়া হবে। সেটার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। কবে অ্যাডমিট কার্ড বেরোবে, পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে। অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে বিষয়টি।
NTA জানিয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। নতুন করে পরীক্ষার ফি-ও দিতে হবে না বলে জানানো হয়েছে।