• আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের আরও এক ডিভিশন বেঞ্চ, কারণ কী?
    এই সময় | ১২ মে ২০২৬
  • সময়ের অভাবে আরজি করের নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এ বার সেই কারণ দেখিয়েই বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও সরে দাঁড়াল ওই মামলা থেকে।

    মঙ্গলবারের শুনানিতে ডিভিশন বেঞ্চের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন তদন্ত করছে না। তার পরেই বিচারপতি মান্থা জানান, অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাচ্ছে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনে কোনও কমিশনও গঠন করা যেতে পারে।

    বিচারপতি মান্থা বলেন, ‘আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। কারণ শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআইয়ের আবেদনও শুনতে হবে।’ বিচারপতিরা জানিয়েছেন, আরজি কর মামলার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছেন। তাই এই মামলার সঠিক বিচার হওয়া উচিত। বিস্তারিত শুনানির যাতে ব্যবস্থা হয়, তা নিশ্চিত করতেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)