• পালাবদলের পরে ভবিষ্যৎ কী, প্রশ্ন তিন হাজার সাফাইকর্মীর
    এই সময় | ১২ মে ২০২৬
  • সুশান্ত বণিক, আসানসোল

    শহরাঞ্চলে সাফাই ও নিকাশি ব্যবস্থা সচল রাখতে প্রায় তিন হাজার সাফাইকর্মী নিয়োগ করেছিলেন আসানসোল পুর কর্তৃপক্ষ। রাজ্যে পালাবদলের পরে এই কর্মীদের ভবিষ্যৎ কী, তা নিয়ে যেমন দ্বিধাগ্রস্ত পুর কর্তৃপক্ষ, তেমনই দোলাচলে সাফাইকর্মীরাও।

    আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডের সাফাই এবং নিকাশির জন্য ৩৪০ জন স্থায়ী সাফাইকর্মী রয়েছেন। কিন্তু প্রায় সাড়ে এগারো লক্ষ জনসংখ্যার এই পুর এলাকা থেকে কমবেশি নিত্যদিন ২০০ মেট্রিক টন আবর্জনা সংগ্রহ করা এত সামান্য সংখ্যক সাফাইকর্মীদের পক্ষে সম্ভব নয়। বছর কয়েক আগে সেই কারণে প্রায় তিন হাজার অস্থায়ী সাফাইকর্মী নিয়োগ করা হয়েছিল। দৈনিক ৪০৭ টাকা মজুরিতে তাঁরা কাজ করেন। সাফাইকর্মী নিয়োগের ক্ষেত্রে পুর প্রতিনিধিদের একটা বড় ভূমিকা থাকে। নিজেদের পছন্দের কর্মী নিয়োগ করে পুরসভার বোর্ড বৈঠকে অনুমোদন করিয়ে নেন তাঁরা। নতুন সরকার আসার পরে কত দিন এই অস্থায়ী সাফাইকর্মীদের কাজে বহাল রাখা হবে, তা নিয়ে দ্বিধায় পুর কর্তৃপক্ষ।

    অস্থায়ী সাফাইকর্মীদের বেতনের টাকা পুর দপ্তর ভবিষ্যতে অনুমোদন করবে কি না, সেই আশঙ্কা দেখা গিয়েছে। এ প্রসঙ্গে আসানসোল পুরসভার সাফাই ও নিকাশি দপ্তরের মেয়র পারিষদ মানস দাস বলছেন, 'অস্থায়ী সাফাইকর্মীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছি। আগামী দিনে ওঁদের কাজ থাকবে কি না, এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।' তিনি জানাচ্ছেন, বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থায় পুরসভার স্থায়ী ৩৪০ জন সাফাইকর্মীকে দিয়েই শহরের সাফাই ও নিকাশির কাজ চলছে।

    ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অস্থায়ী সাফাইকর্মীরাও, যদিও তাঁরা এখনও নিয়মিত কাজ করছেন। সাফাইকর্মী প্রকাশ হাড়ি বলছিলেন, 'ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে কিছু বোঝা যাবে না। মাস শেষ হওয়ার পরে যখন বেতনের সময় আসবে, তখনই অবস্থাটা বুঝতে পারব।' অন্য এক সাফাইকর্মী পূর্ণিমা রাজোয়ারের মন্তব্য, 'শহরের সাফাই এবং নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হলে অস্থায়ী কর্মী রাখতেই হবে। সে ক্ষেত্রে আমাদের মতো পুরোনোরা সুযোগ পেতে পারি।'

    বাস্তব ছবি হলো, শহরের ১০৬টি ওয়ার্ডের সাফাই ও নিকাশি পরিষেবা সচল রাখা মাত্র সাড়ে তিনশো কর্মীকে দিয়ে সম্ভব নয়। গত মার্চে সাফাইকর্মীদের টানা ১০ দিনের ধর্মঘটে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন পুর কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)