• বাবা ঠিকা শ্রমিক, মাধ্যমিকে নবম হলদিয়ার অদৃজ অবসরে লেখে গল্পও
    এই সময় | ১২ মে ২০২৬
  • এই সময়, হলদিয়া: এ বার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান দখল করে চমক দিয়েছে হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র অদৃজ হাজরা। মহিষাদল থানার লক্ষ্যা গ্রামের বাসিন্দা অদৃজ। বাবা অক্ষয় হাজরা হলদিয়ার এক বেসরকারি কারখানার ঠিকা শ্রমিক। মা অনুশ্রী জানা হাজরা গৃহবধূ। পঞ্চম শ্রেণি থেকে এই স্কুলেই পড়াশোনা করেছে সে। ক্লাসে প্রথম না হলেও এক থেকে দশের মধ্যে বরাবর তার র‍্যাঙ্ক থাকতো তাঁর বলে জানিয়েছেন শিক্ষকরা।

    স্কুলে দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় প্রথম স্থান দখল করেছিল সে। কিন্তু ফাইনাল পরীক্ষায় শুধু স্কুল টপার নয়। রাজ্যে নবম স্থান দখল করে তাক লাগিয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। অঙ্ক, পদার্থ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং ভূগোলে ১০০ নম্বর পেয়েছে সে। বাংলায়-৯৬, ইংরেজিতে-৯৭ এবং ইতিহাসে ৯৬ নম্বর এসেছে। পরিবারের লোকজন জানিয়েছেন, দিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করত সে ।

    নির্দিষ্ট কোন সময়সীমায় বাঁধা ছিল না পঠন-পাঠনের। পড়াশোনার পাশাপাশি গান, বাজনা, ছবি আঁকা, আবৃত্তি, গল্প লেখার শখ রয়েছে তাঁর। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। একমাত্র সন্তানের ইচ্ছেতে বাবা - মা কোনভাবেই হস্তক্ষেপ করতে চান না। স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস খাটুয়া বলেন, ‘২০২৪ থেকে ২০২৬ টানা তিন বছর আমাদের ছাত্ররা মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে করেছে। এটা গর্বের বিষয়। এ বার অদৃজ আমাদের মুখ উজ্জ্বল করেছে। ও অনেক দূর এগোবে।’ উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করতে চায় অদৃজ।

  • Link to this news (এই সময়)