• মেঝের পাটাতন সরাতেই বেড়িয়ে এল ‘গোপন সুড়ঙ্গ’! দাপুটে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হতবাক পুলিশ
    এই সময় | ১২ মে ২০২৬
  • জরাজীর্ণ ফ্ল্যাটবাড়ি। সেই বাড়ির ভিতরেই ‘গোপন সুড়ঙ্গ’! সুড়ঙ্গের দরজা খুলেতেই ভিতরে মিলল দামি ফার্নিচার থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী — কী নেই সেখানে! এমনই এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলো পুলিশ। ভোট-পরবর্তী হিংসা ও হাওড়ার শিবপুরে চওড়াবস্তি এলাকায় বোমাবাজির ঘটনায় অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বড়ে। সে ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। কেউ কেউ আবার ‘ডন’-ও বলেন। তাঁর স্ত্রী শামিমা বানো এলাকার প্রাক্তন কাউন্সিলর। আদালতের নির্দেশে মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বাড়ির গ্রাউন্ড ফ্লোরের মেঝে কাঠ দিয়ে তৈরি। তাতেই সন্দেহ হয় পুলিশের। ফ্লোরের পাটাতন সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। দেখা যায়, নীচে নামার একটি সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নীচে নামতেই দেখা যায় এক বিশাল বেসমেন্ট। সেখানে ঠাসা ছিল দামি আসবাবপত্র, দামি ফ্রিজ়, সোফা-সহ আরও অনেক কিছু। সেখান থেকে নিয়ন্ত্রিত হত পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা। এমনকী সেখানে একটি গোপন সুড়ঙ্গও ছিল বলে সূত্রের খবর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই বাড়ির বেশ কিছু ফুটেজ। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’।

    গত ৮ মে শিবপুর চওড়াবস্তি এলাকায় বোমাবাজি ও গুলিচালনার ঘটনায় উত্তপ্ত হয়েছিল এলাকা। বিজেপির অভিযোগ ছিল যে, এলাকা দখল ও আতঙ্ক ছড়াতে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা এই হামলা চালায়। বিশেষ করে সংখ্যালঘু বিজেপি কর্মীদের লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেই আদালতের নির্দেশে রাজ্যের প্রাক্তন এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত শামিম আহমেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময়ে পুলিশ একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আপাতত বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। তবে সেখান থেকে কোনও বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার হয়নি।

    তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছে যে, ভাইরাল ফুটেজ গুলি সত্যি হলেও আরও একটি গোপন সুড়ঙ্গের দাবি ভুল। বর্তমানে শামিম ও তার পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে গোপন ছবি ভাইরাল করার পিছনে কারা রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)