• মিলল সেবাশ্রয়ের জন্য বন্ধ মাঠ চালুর প্রতিশ্রুতি
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবার শহরের ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। শহরের একমাত্র বড় খেলার মাঠ হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার মহকুমা শাসকের মাঠ অর্থাৎ এসডিও গ্রাউন্ড গত প্রায় আট মাস ধরে কার্যত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

    মাঠ জুড়ে এখনও পড়ে রয়েছে সেবাশ্রয় শিবিরের বিশাল লোহার কাঠামো, স্টেজ তৈরির সামগ্রী এবং বিভিন্ন আবর্জনার স্তূপ। যার ফলে খেলাধুলা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ক্রীড়াপ্রেমীদের।

    রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই মাঠ পুনরুদ্ধারের দাবি জোরালো হতে শুরু করে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের কাছে একাধিকবার আবেদন জানান স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা।

    তাদের দাবি ছিল, মাঠে পড়ে থাকা সেবাশ্রয় শিবিরের কাঠামো এবং আবর্জনা দ্রুত সরিয়ে আবার খেলাধুলার উপযোগী করে তোলা হোক মাঠটিকে। ক্রীড়াপ্রেমীদের সেই দাবির প্রেক্ষিতেই মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড পরিদর্শনে যান জয়ী বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। 

    মাঠে গিয়ে তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। দেখা গিয়েছে, মাঠে বিশাল বিশাল লোহার কাঠামো এখনো মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। কোথাও জমে রয়েছে প্লাস্টিক, বাঁশ, কাপড় ও অন্যান্য বর্জ্য।

    মাঠের একাধিক অংশে ঘাস পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। ফলে সেখানে নিয়মিত অনুশীলন করা তো দূরের কথা, সাধারণ খেলাধুলাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। মাঠ পরিদর্শনের সময় দীপক হালদার স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কথা বলেন।

    খেলোয়াড়রা জানান, দীর্ঘদিন ধরে মাঠ ব্যবহার করতে না পারায় অনুশীলনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের বিকল্প মাঠের খোঁজে দূরে যেতে হচ্ছে।

    অনেক ছোট ছেলেমেয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা। খেলোয়াড়দের অভিযোগ, মাঠের মধ্যে এখনও যেভাবে বড় বড় লোহার কাঠামো পড়ে রয়েছে, তাতে এখানে খেলতে গেলে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

    অনুশীলনের সময় যে কেউ আঘাত পেতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা। পাশাপাশি বর্ষার আগে মাঠ পরিষ্কার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও মত স্থানীয়দের।

    এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ‘সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি এই মাঠ দখল করে রেখেছেন। ডায়মন্ড হারবারের খেলোয়াড়দের কাছ থেকে খেলার একমাত্র মাঠ কেড়ে নেওয়া হয়েছে। গত আট মাস ধরে একই অবস্থায় মাঠ পড়ে রয়েছে। এর ফলে খেলোয়াড়দের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘যে উদ্দেশ্যে সেবাশ্রয় শিবির করা হয়েছিল, তা শেষ হয়ে যাওয়ার পরও কেন এই কাঠামো সরানো হল না, সাধারণ মানুষ সেই নিয়েই প্রশ্ন তুলছেন। মাঠের মধ্যে বিশাল লোহার কাঠামো পড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে এই মাঠ পরিষ্কার করে খেলোয়াড়দের জন্য খুলে দিতে হবে।’

    একইসঙ্গে তিনি দাবি করেন, সেবাশ্রয় শিবিরের জন্য যে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছে, সেই অর্থ যদি ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে খরচ করা হত, তাহলে সাধারণ মানুষ সারা বছর স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেতেন।

    তার অভিযোগ, মানুষের স্থায়ী উন্নয়নের বদলে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের জন্য এই ধরনের অস্থায়ী প্রকল্প করা হয়েছে। দীপক হালদার জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আবেদন জানানো হবে।

    তিনি বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব এই মাঠ পুনরুদ্ধার হোক এবং খেলোয়াড়দের হাতে আবার ফিরিয়ে দেওয়া হোক। ডায়মন্ড হারবারের যুব সমাজের স্বার্থে এই মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    অন্যদিকে, স্থানীয় ক্রীড়াপ্রেমী সুদীপ হালদার বলেন, ‘সেবাশ্রয়ের নামে মাঠের মধ্যে বিশাল লোহার কাঠামো তৈরি করা হয়েছে। গত আট মাস ধরে এই অবস্থায় মাঠ পড়ে রয়েছে। ফলে খেলোয়াড়দের অনুশীলনের জায়গা অনেকটাই কমে গিয়েছে। ছোট ছোট ছেলেরা ঠিকভাবে খেলতে পারছে না।’

    তিনি আরও বলেন, ‘আমরা চাই মাঠটা আগের অবস্থায় ফিরে আসুক। তাই আমরা বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে যোগাযোগ করি। উনি মাঠে এসে সবকিছু দেখেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
  • Link to this news (আজকাল)