• এবার দেখা যাবে 'ডবল ইঞ্জিন'-এর উন্নয়ন: মনোজ টিগ্গা
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথমবারের বিজেপি সরকার গঠিত হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবে বিধানসভার বাইরেও বিভিন্ন স্তরে বিজেপির জনপ্রতিনিধিদের মুখ থেকে শোনা যাচ্ছে সামগ্রিক উন্নয়নের বার্তা। আর তেমনই কথা শোনা গেল আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার গলাতেও। শোনা গেল উন্নয়নের কথা। যেখানে শোনা গেল রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ের সুরও। 

    নিজের জন্মদিনে তিনি শোনালেন উত্তরবঙ্গের উন্নয়নের প্রসঙ্গও। তিনি মনে করেন, বিজেপির সাংসদ হিসাবে উত্তরবঙ্গের উন্নয়নের যে ধারা তিনি এবারের ভোটেও সামনে তুলে এনেছেন, তার উপর ভর করেই উত্তরবঙ্গে এমন বিপুল সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে সবক'টি আসনেই জয় পেয়েছে বিজেপি। তিনি বলছেন, বলছেন, ''জনগণ আমাদের সঙ্গে আছে এবং আমাদের উপরে বিশ্বাস এবং ভরসা রেখেছে।'' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা টেনেই তিনি বলেছেন, ''নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বলেছেন, যতরকম প্রকল্প আছে কোনটাই আমরা বাদ দেব না। সবরকম প্রকল্প আমরা জনগণকে প্রদান করব। কিন্তু আমরা দেখব তার মধ্যে কোন যেন বাজে লোক না ঢুকে পড়ে। যাতে বেআইনি ভাবে সরকারি সুবিধা নেওয়া না শুরু হয়।

    আলিপুরদুয়ারের সাংসদ আরও বলেন, ''আমরা চেষ্টা করে চা বাগানের উন্নতি ঘটিয়েছি। এখন আমাদের ডাবল ইঞ্জিন সরকার, সেই শক্তিতে ভর করে আমরা চা-বাগানগুলোকে এত ভাল জায়গায় এনে দেব যে সেটি উদাহরণ হয়ে থাকবে। দেশের পাশাপাশি উত্তরবঙ্গের জনসাধারণ সেটা ধীরে ধীরে অনুধাবন করতে পারবেন। আগামী দিনগুলোতে প্রতি মুহূর্তে উন্নয়নের কাজে ন্যস্ত থাকব। এবং আমরা আত্মবিশ্বাসী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে দেশের প্রতিটি জনসাধারণের ইচ্ছা পূরণ করবে, সেটা আমরা জানি। আর সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই আমরা সবাই যারা জিতে এসেছি। মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বাসি দেখবে এক নতুন বাংলার নির্মাণ হতে চলেছে। আমরা সরকারে থেকে সমস্ত রকম সুবিধা সবাইকে প্রদান করব। আর এটা আমাদের কথা নয়, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইটা সবার কাছে বলে গিয়েছেন। তার পথ অনুসরণ করেই আমরা আগামী বাংলা নতুন রূপ পাবে।" 

    উত্তরবঙ্গের কথা আলাদা ভাবে উল্লেখ করে তিনি বলেছেন, ''আগামী দিনে উত্তরবঙ্গ অনেক কিছু সুবিধা পাবে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো আরও উন্নতমানের পরিষেবা পাবে। সেই পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ। উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের কাছে আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে আমরা আগামী দিনে অনেক দূর এগিয়ে যাব।
  • Link to this news (আজকাল)