• ঠা ঠা রোদ, তবুও জল থৈ থৈ রাস্তাঘাট!
    আজকাল | ১২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা গ্রীষ্ম। তবুও থৈ থৈ করছে আবাসন এলাকার সামনের রাস্তা। নেপথ্যে ডোবা ভরাটের অভিযোগ। 

    পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তপোবন সিটিতে ভরা গ্রীষ্মেই জলমগ্ন হয়ে পড়েছে আবাসনের সামনের এলাকা। মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তার বামুনাড়ার পাশের একাধিক আবাসনে বর্তমানে হাঁটু সমান জল জমে রয়েছে। 

    ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। জল পেরিয়েই নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ডোবা ভরাটের কাজ চলছে। সেই কারণেই স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। 

    বৃষ্টিপাত না হলেও আশপাশের জমা জল বেরোতে না পেরে আবাসন এলাকায় ঢুকে পড়ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে বহু বাড়ি ও দোকানের সামনে জল জমে রয়েছে। কোথাও কোথাও দোকানের ভিতরেও জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। 

    বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। 

    তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। এলাকার দোকানদার প্রবাল চ্যাটার্জি বলেন, “মাঝেমধ্যেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবারও তাই হয়েছে। অথচ বৃষ্টি পর্যন্ত হয়নি। ডোবা ভরাটের জন্য জল বেরোতে পারছে না, সেই জলই আবাসনের মধ্যে ঢুকে পড়ছে। দোকান খুলে ব্যবসা করা দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দোকান বন্ধ রাখতে হচ্ছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতও কার্যত বিপর্যস্ত। তার উপর নোংরা জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকায়।” তবে এই বিষয়ে সরকারি কোনও বক্তব্য পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)