আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশনের প্রথম পর্বটি আগামী বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই দুই দিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নবনির্বাচিত বিধায়করা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার বিকেলে বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিতে চলেছেন মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বর্ষীয়ান নেতা তাপস রায়। আগামী দু’দিন নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর গুরুদায়িত্ব সামলাবেন তিনিই।
গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার এই অধিবেশন চলাকালীন তিনি একজন বিধায়ক হিসেবে শপথ নেবেন। গত মাসে রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, উভয় কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন। এই দু'টি আসনের মধ্যে তিনি কোনটি ছেড়ে দেবেন, সে বিষয়ে এখনও নিশ্চিৎ ঘোষণা করেননি। তবে বিজেপি সূত্রে খবর, ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদটি ছেড়ে দেবেন তিনি।
শপথ গ্রহণের সময়সূচি:
প্রথম দিন, (১৩ মে, ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১.৩০-র মধ্যে, শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিধায়করা (১ থেকে ৭৬ নম্বর বিধানসভা কেন্দ্র) তাঁদের শপথ গ্রহণ করবেন।
নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিধায়করা (৭৭ থেকে ১৫৭ নম্বর কেন্দ্র; ১৪৪ নম্বর কেন্দ্র বাদে) দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০-টে পর্যন্ত শপথ গ্রহণ করবেন।
দ্বিতীয় দিন, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিধায়করা (১৫৮ থেকে ২১৮, ২২০ থেকে ২২২ এবং ২৩৭ নম্বর কেন্দ্র) শপথ গ্রহণ করবেন।
দ্বিতীয় দিন, (১৪ মে, ২০২৬) দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০-র মধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং কলকাতার বিধায়করা তাঁদের শপথ গ্রহণ করবেন।
শপথ গ্রহণ প্রক্রিয়া মসৃণ করতে জেলাশাসকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শংসাপত্র সংক্রান্ত নির্দেশিকা। শপথ গ্রহণের সময় প্রত্যেক বিধায়ককে তাঁদের নির্বাচনে জয়ের আসল শংসাপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়াও, পরিচয়পত্রের জন্য প্রত্যেককে চার কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি আনতে বলা হয়েছে। বিধায়কদের সঙ্গীদের জন্যও রয়েছে নির্দেশিকা। বিধানসভা চত্বরে প্রবেশের জন্য একজন বিধায়ক সর্বোচ্চ দু'জন সঙ্গীকে সঙ্গে রাখতে পারবেন।