• উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়
    আজ তক | ১২ মে ২০২৬
  • বিধানসভা নির্বাচনের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবার কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার হলেন ‘বাংলা পক্ষ’-এর অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগেই তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের সময় ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। তাঁর কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনাস্থা তৈরি করার উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করে।

    গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইভিএম বিকল হওয়া নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, 'রাতে সিল করে রাখার পরও ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন?' পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের 'গোপন পরিকল্পনা' থাকতে পারে। ভোটারদের উদ্দেশে তিনি ভিভিপ্যাট ভালো করে যাচাই করার পরামর্শও দিয়েছিলেন।

    তদন্তকারীদের দাবি, ভোট চলাকালীন এই ধরনের মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইনের পরিপন্থী। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাঁকে লালবাজারের লক-আপে রাখা হবে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাতে পারে বলেও সূত্রের খবর।

    এই গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। একাংশের দাবি, এটি বাক-স্বাধীনতার উপর হস্তক্ষেপ। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকর। ফলে ‘বাক-স্বাধীনতা বনাম গুজব’, এই বিতর্ক এখন নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

     
  • Link to this news (আজ তক)