অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, কামারহাটির বিধায়কের কী হয়েছে?
আজ তক | ১২ মে ২০২৬
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর প্রস্রাবজনিত সমস্যা রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আকস্মিক এই অসুস্থতায় তাঁর অনুগামীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজনৈতিক জীবনে মদন মিত্র দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। চলতি বিধানসভা নির্বাচনে তিনি নিজের ‘গড়’ কামারহাটি থেকে জয়ী হয়েছেন। রাজ্যের অনেক জায়গায় তৃণমূলের ফল খারাপ হলেও তিনি নিজের আসন ধরে রাখতে সক্ষম হন।
এর আগে রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। ২০১৪ সালে সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর ২০১৬ সালে জামিন পান। একাধিক নির্বাচনে হেরেছেন এবং জিতেছেনও। ২০২১ ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে পুনরায় জয়ী হয়ে রাজনৈতিকভাবে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।