• দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি, হু হু করে বাড়বে তাপমাত্রা; উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
    আজ তক | ১২ মে ২০২৬
  • টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর এবার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমতে চলেছে বৃষ্টির দাপট। ফলে ফের বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তর দিনাজপুরেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমতে পারে ঝড়-বৃষ্টির দাপট। তবে ততদিন পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা।

     
  • Link to this news (আজ তক)