নির্বাচনী পরাজয়ের পর কর্মীদের সাহস জোগাতে কবিতা পোস্ট মমতার
দৈনিক স্টেটসম্যান | ১২ মে ২০২৬
নির্বাচনী পরাজয়ের পর দলের নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে সামাজিক মাধ্যমে কবিতা পোস্ট করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পালাবদলের আবহে নিজের কবিতার মাধ্যমে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এজন্য তিনি ‘ব্রেভ’ শিরোনামের একটি ইংরেজি কবিতা প্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানে সাহস, আত্মবিশ্বাস এবং লড়াই চালিয়ে যাওয়ার বার্তা তুলে ধরেছেন।
মঙ্গলবার প্রকাশিত ওই কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সাহসী এবং শক্তিশালী হও। আত্মবিশ্বাস থাকলে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না।’ কবিতার প্রতিটি লাইনে ব্যক্তিগত শক্তি, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
কবিতায় তিনি আরও লিখেছেন, ‘হাসিমুখে নিষ্ঠুর মানুষের মোকাবিলা করো’, ‘ভাল কাজ চিরকাল বেঁচে থাকে’ এবং ‘শেষ পর্যন্ত তুমিই জয়ী হবে’। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর এই কবিতার মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশেই বার্তা দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী।
বিশেষভাবে নজর কেড়েছে কবিতার সেই অংশ, যেখানে তিনি লিখেছেন, ‘জন্মের সময় তুমি একা এসেছ, মৃত্যুর সময়ও একাই যেতে হবে।’ অনেকের মতে, রাজনৈতিক জীবনের দীর্ঘ লড়াই এবং সাম্প্রতিক পরিস্থিতির অভিজ্ঞতাই এই লেখার মধ্যে প্রতিফলিত হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও একাধিক বার কবিতা, ছবি এবং গানের মাধ্যমে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর লেখা বই এবং কবিতাও বহু বার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। ফের নতুন কবিতা প্রকাশের পর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
রাজনৈতিক মহলের মতে, সরাসরি রাজনৈতিক মন্তব্য না করলেও এই কবিতার প্রতিটি লাইনে বর্তমান পরিস্থিতির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে ‘খারাপ শক্তি কোথাও থাকবে না’ এবং ‘হৃদয় হারাবে না’— এই ধরনের লাইন ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে।