প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট, তদন্তে সিবিআই, কবে হবে পরীক্ষা?
প্রতিদিন | ১২ মে ২০২৬
প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই বাতিল হয়ে গেল নিট ইউজির পরীক্ষা। গত ৩মে দেশজুড়ে ডাক্তারির এই প্রবেশিকায় পরীক্ষা হয়েছিল। কিন্তু সোমবার থেকেই ওই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অভিযোগ তুলেছেন। এহেন পরিস্থিতিতে বাতিল হয়ে গেল প্রবেশিকা পরীক্ষা। নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন ফাঁসের তদন্ত করবে সিবিআই।
গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। তবে সমস্যা বাঁধে রাজস্থানে। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন বলেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রের ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে।
গোটা ঘটনায় কেন্দ্রকে তুলোধোনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সুর চড়িয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও। ২০২৪ সালে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। হাজার হাজার টাকায় প্রশ্নপত্র বিক্রির অভিযোগ ওঠে দেশের নানা প্রান্তে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল কিনা, প্রশ্ন তোলেন রাহুলরা। তার কয়েকঘণ্টার মধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়ে দিল, ৩ মে’র পরীক্ষা বাতিল করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। পড়ুয়াদের ফের নতুন করে পরীক্ষায় বসতে হবে।
নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আর নতুন করে আবেদন করতে হবে না। আলাদা করে কোনও ফি দিতে হবে না পরীক্ষার জন্য। আগেরবার পরীক্ষার জন্য জমা করা অর্থও পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। কিন্তু আবার কবে পরীক্ষা হবে, সেই দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। নতুন করে নিটের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এবং তার ভিত্তিতেই হবে পরীক্ষা। প্রশ্ন উঠছে, দিনরাত পরিশ্রম করে একবার পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। কার দোষে ব্যর্থ হয়ে গেল সেই পরিশ্রম?