মঙ্গলবার বিকেল ৫টা ৫১ মিনিট থেকে কলকাতা মেট্রোরেলের গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট মেট্রো) ব্যাপক ভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আকস্মিক এক যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে শুধুমাত্র হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভের মধ্যে ট্রেন চলাচল করছে।
এর ফলে, ব্যস্ত সময়ে শিয়ালদহ ও ফুলবাগান স্টেশনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। হঠাৎ এই বিপত্তিতে সল্টলেক, শিয়ালদহ, মানিকতলা ও হাওড়া এলাকায় বহু অফিস ফেরত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিকল্প হিসেবে বাস, অটো ও ট্যাক্সির উপরে প্রবল চাপ সৃষ্টি হয়েছে।
কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট কারণ না জানানো হলেও, বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যালিং বা ট্র্যাক-সংক্রান্ত কোনও যান্ত্রিক সমস্যা হয়ে থাকতে পারে। হুগলি নদীর তলদেশ দিয়ে যাওয়া ১৬.৬ কিলোমিটার দীর্ঘ এই অত্যাধুনিক লাইনে গত কয়েক মাসে একাধিকবার সিগন্যালিং ও পাওয়ার ইস্যুর মতো ঘটনা ঘটেছে।
যাত্রীদের অভিযোগ, নতুন লাইন হওয়া সত্ত্বেও নিয়মিত এই ধরনের বিভ্রাটের ফলে তাঁরা নাজেহাল হচ্ছেন। এ দিনের ঘটনার প্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, তাঁদের ইঞ্জিনিয়াররা নিরলসভাবে কাজ করছেন এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছিল তারা। অবশেষে সন্ধ্যা সাতটায় ফের পরিষেবা স্বাভাবিক হয়।