• নিট কেলেঙ্কারিতে পুলিশের জালে অন্যতম ‘মূলচক্রী
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে পুলিশের জালে সম্ভবত ‘মূলচক্রী’ মণীশ। জয়পুর থেকে তাঁকে গ্রাপ্তার করেছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। এছাড়াও কেলেঙ্কারির তদন্তে নেমে রাজ্যের সীকর জেলা থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ), ৩ মে-র নিট ইউজি পরীক্ষা বাতিল করেছে। প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নিট পরীক্ষার প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল। রাজস্থানের সীকর জেলাই এই প্রশ্ন ফাঁসের উৎসস্থল বলে সন্দেহ তদন্তকারীদের। 

    ২০২৪ সালেও প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। বাতিল হয় পরীক্ষা। দু'বছর পর ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি।

    ২০২৪ সালের ঘটনায়, ওয়েসিস স্কুলের অধ্যক্ষ, সহ-অধ্যক্ষ এবং এক কর্মীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। অভিযোগ ছিল, পঙ্কজ কুমার ওরফে সাহিল নামে এক যুবকের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা এই জালিয়াতি করেছিলেন। প্রশ্নপত্রের বাক্স কন্ট্রোল রুমে আসার পর অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে ডিজিটাল সিল খুলে প্রশ্ন চুরি করা হয়েছিল। চুরি করা প্রশ্নপত্রগুলি হাজারিবাগের বেশ কিছু ডাক্তারি পড়ুয়াকে দিয়ে সমাধান করানো হতো। পরে সেই উত্তরপত্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হতো পরীক্ষার্থীদের কাছে।

    চলতি বছরের নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। 

     
  • Link to this news (আজকাল)