• লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডার। ২১-এর ভোটের আগে তৃণমূল সরকারের তুরুপের তাস ছিল এই প্রকল্প। ওই ভোটে তৃণমূল ব্যাপক মার্জিনে জিতেওছিল। গত পাঁচ বছরে এই প্রকল্পের সাফল্য যেমন বেড়েছিল, তেমনই মমতা সরকার দফায় দফায় টাকার পরিমাণও বাড়িয়েছিল। এই প্রকল্পের সূচনার সময়, সাধারণ জাতির মহিলারা মাসিক ৫০০ টাকা, তপশিলি মহিলারা মাসিক ৭০০ টাকা করে পেতেন। বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৫০০ এবং ১৭০০টাকা।

    তবে নয়া সরকার মসনদে বসতেই প্রশ্ন ঘুরছিল? আগের সরকারের প্রকল্পগুলি কি বন্ধ করে দেবে নয়া সরকার। যদিও সোমবারেই, প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, আমরা কিছু বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, সব পোর্টালগুলিকে আপগ্রেড করা হবে। সব উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার (ডিভিটি)-র মাধ্যমে।' তিনি জানিয়ে দেন, এই সরকার সমস্ত কিছুই চালু রাখবে, স্বচ্ছতার সঙ্গেই।

    ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ উঠে আসে, অগ্নিমিত্রার মন্তব্যে। বিজেপি সরকার ক্ষমতায় এলেই, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থের 'অন্নপূর্ণা ভাণ্ডার' চালু করবে, আগেই জানিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাঁরা সকলেই কি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার?

    এই প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাঁরা পেতেন না, তাঁদের নামও যোগ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা আগের সরকার বা তার আগের সরকারের চালু করা কোনও যোজনাই বন্ধ করছি না।' 

     
  • Link to this news (আজকাল)