আজকাল ওয়েবডেস্ক: তিলজলা অগ্নিকাণ্ডে এবার হবে এফআইআর। মঙ্গলবার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেআইনি কারখানা হবে না। বুধবার সকাল ১১ টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে। এধরনের কাজ করতে দেব না এটাই শেষ। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব দিয়েছে।
তিলজলায় ঘটনাস্থল এদিন পরিদর্শন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর তিনি হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন। দিলেন পাশে থাকার আশ্বাসও। প্রসঙ্গত, মঙ্গলবারই তিলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে ২ জনের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম- মহম্মদ হাসানুজ্জামান ও রাজেত আলি মণ্ডল। আহত হয়েছেন ৩ জন। তাঁদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মহম্মদ ইউসুফ, গৌর সর্দার নামে দুইজন ভেন্টিলেশনে রয়েছেন এবং ধোঁয়ায় অসুস্থ মহম্মদ তানভির নামে আরও এক যুবক। অত্যধিক পরিমাণে ধোঁয়া শ্বাসনালী এবং ফুসফুসে ঢুকে যাওয়ায় দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিলজলার ওই বিল্ডিংয়ে লেদার কোম্পানি ছিল। তারই দোতালায় আগুন লাগে। দুপুর পৌনে ২টো নাগাদ আগুন লাগে বলে জানা যায়। এরপরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন এসে পৌঁছয়। দমকর্মীদের তৎপরতায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। ৫ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, দু'দিকে গেট আছে, গেটের মুখে। বেরনোর মতো পজিশন ছিল না। দু'খানা দরজার পাশেই মর্মান্তিক ঘটনা ঘটে। শেষ অবধি পাওয়া খবরে, যে তিনজন সংকটজনক অবস্থায় রয়েছেন, তাঁদের মধ্যে মহম্মদ ইউসুফ এবং গৌর সর্দার, একজনের বাড়ি হাড়োয়াতে, একজনের বাড়ি পার্কসার্কাস সংলগ্ন এলাকাতে।