কাটোয়ায় ভাগীরথী পেরিয়ে গরু পাচারের ছক! ৪ জনকে আটক করল পুলিশ
প্রতিদিন | ১৩ মে ২০২৬
গরুপাচার রোধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। তারপরই মঙ্গলবার কাটোয়ায় ভাগীরথী নদী পেরিয়ে গুরু পাচারের চেষ্টার অভিযোগ। মাধাইতলা এলাকায় ৫টি গরু-সহ চারজনকে আটক করেন স্থানীয়রা। তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা তা দেখাতে পারেনি। এরপরই তাঁদের আটকে রেখে পুলিশে খবক দেন এলাকাবাসী। কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ আটক করেছে তাদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক ব্যক্তিদের নাম রহিম শেখ, মুজাউদ্দিন শেখ, শেখ মহিদুল্লা এবং সালাম আনসার। এদের মধ্যে প্রথমজনের বাড়ি কাটোয়ার খাজুরডিহি গ্রামে। সালাম আনসার কাটোয়ার কদমপুকুর এলাকার বাসিন্দা। বাকি দু’জন নদিয়ার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার কাটোয়া বাসস্ট্যান্ড হয়ে চাঁপাপুকুর পাড় ধরে ভাগীরথী ছেঁড়াকালী ঘাটের দিকে যাচ্ছিলেন চারজন ব্যক্তি। তাঁদের সঙ্গে ছিল পাঁচটি গরু। মাধাইতলার কাছে স্থানীয় কিছু লোকজন তাঁদের আটকান। অভিযোগ, বেআইনিভাবে ওই ৫ টি গরু ভাগীরথী নদী পেড়িয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। যদিও এ দিন দুপুর পর্যন্ত নির্দিষ্ট এফআইআর দায়ের হয়নি। গরুগুলিকে একটি আশ্রমের গোয়ালে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে।
বজরংদলের কাটোয়া নগর কমিটির সংযোজক বান্টি সরকার বলেন, “সরকার বেআইনিভাবে গরু পাচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। তারপরও এই অবৈধ কারবার চালানোর চেষ্টা চলছে। আমরা স্থানীয় কিছু বাসিন্দা ওই গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাই। কিন্তু দেখাতে না পারলে আমরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। এই ঘটনায় এফআইআর দায়ের করা হবে।” আটক ব্যক্তিদের মধ্যে রহিম শেখ বলেন, “আমাকে গরুগুলি নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিনিময়ে ১৫০০ টাকা পেয়েছিলাম। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হত, এর বেশি বলতে পারব না।”