নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুজনের। দুপুরে তপসিয়ার জিজা খান রোডের একটি ৫ তলা বাড়ির দোতালায় আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। আটকে পড়েন বাড়ির ভিতরে থাকা ৫-৬ জন। স্থানীয়রা খবর দেন দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে আটকে পড়া আবাসিকদের বাইরে আনতে হিমশিম খেতে হয়। কোনরকমে সকলকে অগ্নিদগ্ধ অবস্থায় বাইরে আনেন দমকল কর্মীরা। তাদের নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। চিকিৎসকরা রাজেশ এবং মোহাম্মদ হাসানুর জামাল নামে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অগ্নিদগ্ধ গৌর মন্ডল এবং মোহাম্মদ ইউনুসকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানান, দুজনেই ৭০ থেকে ৮০ শতাংশ অগ্নিদগ্ধ এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও মোহাম্মদ তানভীর নামে আরও একজনকে ভর্তি করা হয়েছে বার্ণ ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটির দোতলায় যেখানে আগুন লেগেছে সেখানে চামড়ার জিনিসপত্র তৈরীর কাজ হতো। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রশ্ন উঠছে এইরকম জনবহুল জায়গায় একটি বহুতলে চামড়ার মত দাহ্য জিনিসের কারখানা থাকা নিয়ে। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা।