• অখিলেশের ভাই প্রতীকের রহস্যমৃত্যু, যাদব পরিবারে শোকের ছায়া
    এই সময় | ১৩ মে ২০২৬
  • প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছেলে তথা অখিলেশ যাদবের সৎ ভাই প্রতীক যাদব। আচমকাই তাঁর মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে ওয়াকিবহল মহল। সূত্রের দাবি, বুধবার সকালে তাঁকে বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে সকাল ৬টা নাগাদ তাঁকে লখনৌ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রতীককে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মুলায়ম পুত্রকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

    প্রতীকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, তিনি সম্প্রতি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রাথমিক অনুমান যে, বিষক্রিয়ার কারণে ৩৮ বছর বয়সি এই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন অখিলেশ যাদবও।

    প্রতীক যাদব মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে। তিনি বিজেপি নেত্রী তথা উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি অপর্ণা যাদবের স্বামী। পরিবার আদ্যোপান্ত রাজনীতির সঙ্গে যুক্ত হলেও যাদব পরিবারের অন্য সদস্যদের মতো মুলায়মের কনিষ্ঠ পুত্র সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। বরং ব্যবসা এবং ফিটনেস জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রতীক। লখনউ এবং আশপাশের এলাকায় তাঁর রিয়েল এস্টেট ও ফিটনেস সংক্রান্ত ব্যবসা ছিল। পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন প্রতীক।

    ২০১১ সালে বিজেপি নেত্রী অপর্ণা যাদবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রতীক। অপর্ণা প্রথমে সমাজবাদী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিজেপিতে যোগ দেন। ফলে একদিকে সমাজবাদী পরিবার এবং অন্যদিকে বিজেপির সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্র রাজনৈতিক মহলেও যথেষ্ট চর্চিত ছিল।

    প্রতীক যাদবকে নিয়ে একসময় রাজনৈতিক জল্পনাও তৈরি হয়েছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার দাবিও উঠেছিল সমাজবাদী পার্টির অন্দরে। তবে শেষ পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেননি। বরং নিজের ব্যক্তিগত জীবন ও ব্যবসাতেই বেশি মনোনিবেশ করেছিলেন। ফিটনেস নিয়ে প্রতীকের আগ্রহও সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত। একসময়ে ১০৩ কেজি ওজন থেকে কঠোর পরিশ্রমে নিজেকে ৬৭ কেজিতে নামিয়ে এনেছিলেন তিনি। শরীরচর্চার জন্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছিলেন প্রতীক যাদব।

    চলতি বছরের শুরুতে প্রতীক যাদব এবং অপর্ণা যাদবের দাম্পত্য সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতীক ব্যক্তিগত ও দাম্পত্য সমস্যার উল্লেখ করেছিলেন। অভিযোগ করেছিলেন যে, তীব্র মানসিক চাপে ভুগছেন এবং অপর্ণা ও পরিবারের কিছু সদস্যের সঙ্গে তাঁর মতপার্থক্য দেখা দিয়েছে। অপর্ণার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেন বলেও সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন প্রতীক। যদিও পরে দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার খবর সামনে আসে।

    এদিন প্রতীক যাদবের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে নামে শোকের ছায়া। সমাজবাদী পার্টির নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যাদব পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)