এই সময়: রাজ্য বিধানসভার নতুন স্পিকার নির্বাচন হতে চলেছে আগামী শুক্রবার। রাজভবনে মঙ্গলবার রাজ্যপাল আরএন রবি বর্ষীয়ান বিজেপি বিধায়ক তাপস রায়কে প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অসম থেকে ফিরেই এ দিন সন্ধ্যায় শুভেন্দু রাজভবনে যান। প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায় আজ, বুধবার এবং আগামিকাল, বৃহস্পতিবার সমস্ত জয়ী প্রার্থীকে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথগ্রহণ পর্ব এই দু’দিনে সম্পন্ন হওয়ার পরে আগামী শুক্রবার স্পিকার নির্বাচন হবে। ঠিক করা হবে ডেপুটি স্পিকারও।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–সহ মন্ত্রীরা আজ বিধায়ক হিসেবে শপথগ্রহণ করতে পারেন। বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জেলার জয়ী প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথগ্রহণ করবেন, তা মঙ্গলবার মোটামুটি চূড়ান্ত হয়েছে। রাজ্যপাল আনুষ্ঠানিক ভাবে ষোড়শ বিধানসভার ভেঙে দেওয়ার আগে থেকেই বিধানসভা ভবনের সাফাই শুরু হয়েছিল।
মুখ্যমন্ত্রীর কক্ষ নতুন করে সাজিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকেই গেরুয়া আলো দিয়ে সাজানো হয়েছে বিধানসভা ভবন, লন–সহ বিভিন্ন জায়গা। প্রধান বিরোধী দল তৃণমূল ছাড়াও কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির প্রতিনিধি এ বার থাকছেন বিধানসভায়। কংগ্রেস, সিপিএম, আইএসএফের বিধায়কদের বসার জন্য পৃথক জায়গা বরাদ্দ করা হতে পারে বলে বিধানসভা সূত্রের খবর।