• জেলায় জেলায় দাপট দেখাবে কালবৈশাখী, বুধবার কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?
    আজ তক | ১৩ মে ২০২৬
  • মে মাসের প্রায় অর্ধেক দিন পার হয়ে গিয়েছে। কিন্তু শহর কলকাতার আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই। কারণ, মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচেই। পাশাপাশি, হঠাৎ হঠাৎ বৃষ্টি স্বস্তি দিচ্ছে আমজনতাকে। এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

    উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD।

    এর মধ্যে জলপাইগুড়ি জেলায় এক বা দু’টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

    পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


     

     
  • Link to this news (আজ তক)