‘ক্রীড়া প্রশাসনে ওঁর অবদান চিরস্মরণীয়’, টুটু বোসের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ১৩ মে ২০২৬
প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বোস ওরফে টুটুবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে সোশাল মিডিয়ায় তাঁর পরিবারকে সমবেদনা জ্ঞাপন করলেন তিনি। লিখলেন, ‘ক্রীড়া প্রশাসনে ওঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
টুটুবাবু বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। তাঁর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজখবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটুবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। তাঁর চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি হয়। কিন্তু মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর বাঁচানো যায়নি টুটুবাবুকে। গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয় রাতেই।
বুধবার সকালে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপনসাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাব ও টুটু বোস একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওঁ শান্তি।’ শোকজ্ঞাপন করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও।
উল্লেখ্য, বোস পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে টুটুবাবুর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাসভবনে। সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত দেহ শায়িত থাকবে। সেখান থেকে সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিন-এর দপ্তরে। তারপর ১১টা ৩০ মিনিট নাগাদ টুটুবাবুর প্রাণ প্রিয় মোহনবাগান ক্লাবে তাঁর দেহ শেষবারের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ বিদায় জানাবেন অনুরাগীরা। তারপর বিকেল সাড়ে ৪টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।